
লখিমপুর (অসম), ২৩ মে (হি.স.) : লখিমপুর জেলার অন্তর্গত নাওবৈচা এলাকায় একটি নৈশবাস দুর্ঘটনায় ঘটনাস্থলেই একজনের মৃত্যু এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। তাঁদের মধ্যে ১৩ জনের শারীরিক অবস্থা গুরুতর। নিহতকে মাজুলির বাসিন্দা বছর ৩০-এর দীপজ্যোতি বরা বলে শনাক্ত করা হয়েছে। দুর্ঘটনাটি আজ শনিবার ভোর প্রায় ৪:১৫ মিনিটে সংঘটিত হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার রাত প্রায় ৮:৪৫ মিনিট নাগাদ গুয়াহাটির খানাপাড়া থেকে ৪৫ জন যাত্রী নিয়ে মাজুলির উদ্দেশে রওয়ানা হয়েছিল এআর ০১ ডব্লিউ ১১৪৪ নম্বরের নাইট সুপারটি। কিন্তু আজ ভোর প্রায় সোয়া চারটা নাগাদ দোলাহাট তিনিআলিতে সিংড়া সেতুর কাছে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছে ধাক্কা মেরে জাতীয় সড়কের ওপর উল্টে যায়।
এতে দীপজ্যোতি বরা নামের ব্যক্তির মৃত্যু হয়েছে। এছাড়া বাসের প্রায় সব যাত্রী কমবেশি আহত হলেও প্রায় ১৩ জনের অবস্থা গুরুতর। আহত যাত্রীদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার পর স্থানীয় মানুষজন এসে দুর্ঘটনাগ্রস্ত বাস থেকে আহত যাত্রীদের উদ্ধারে হাত লাগান। ইত্যবসরে খবর পেয়ে এক্সক্যাভ্যাটর নিয়ে অকুস্থলে ছুটে যায় পুলিশ। পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এছাড়া নিহত ব্যক্তির ময়নাতদন্ত করতে হাসপাতালের মর্গে রাখা হয়েছে, জানা গেছে পুলিশ সূত্রে।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস