
কলকাতা, ২৩ মে (হি.স.): আগামী ২১ জুলাই শহীদ দিবস যথাযোগ্য মর্যাদার সঙ্গে রাজ্য জুড়ে পালন করবে কংগ্রেস। এই উপলক্ষে কলকাতার শহীদ মিনারে কেন্দ্রীয় অনুষ্ঠানের আয়োজন করা হবে। শনিবার মৌলালি যুব কেন্দ্রে আয়োজিত দলের এক বিশেষ কর্মসূচী থেকে এই ঘোষণা করা হয়েছে।
প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার এদিন স্পষ্ট জানিয়ে দেন, এই বছর ২১ জুলাই ‘শহীদ দিবস’ অত্যন্ত বড় আকারে পালন করার পরিকল্পনা রয়েছে দলের। এই কর্মসূচীকে সফল করতে সর্বস্তরে আহ্বান জানানো হচ্ছে এবং দলমত নির্বিশেষে কংগ্রেসের সমস্ত কর্মী ও সমর্থকদের ওই দিন যথারীতি উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।
উল্লেখ্য, শনিবার মৌলালি যুব কেন্দ্রে সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে জয়ী কংগ্রেসের দুই প্রার্থীকে নিয়ে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল, যার নাম দেওয়া হয়েছিল 'আত্মসমীক্ষা ও ভবিষ্যৎ পরিকল্পনা শিবির'। এই শিবিরে উপস্থিত ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা পশ্চিমবঙ্গের স্ক্রিনিং কমিটির চেয়ারম্যান বি. কে. হরিপ্রসাদ এবং এআইসিসি-র সাধারণ সম্পাদক তথা পশ্চিমবঙ্গের ভারপ্রাপ্ত পর্যবেক্ষক গোলাম আহমেদ মীর। শীর্ষ নেতৃত্বের উপস্থিতিতেই এই আত্মসমীক্ষা শিবির থেকে আগামী ২১ জুলাইয়ের কর্মসূচীর কথা ঘোষণা করা হয়।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত