
মুম্বই, ২৩ মে (হি.স.) : মহারাষ্ট্রের ডোম্বিভলি ও নবি মুম্বই এলাকায় যৌথ অভিযানে ২৪ জন নাইজেরীয় নাগরিককে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের মধ্যে ১৪ জন পুরুষ, ৬ জন মহিলা ও ৪ জন শিশু রয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
শনিবার কল্যাণ সার্কেলের ডেপুটি পুলিশ কমিশনার অতুল জেন্দে জানান, গোপন সূত্রে খবর পেয়ে ঠাণে ও নবি মুম্বই পুলিশ যৌথভাবে শুক্রবার গভীর রাতে খোনি এলাকার পালাভা অঞ্চলে ডাউনটাউন ও ক্রাউন পালাভা আবাসনে তল্লাশি চালায়। সেখান থেকেই ২৪ জন নাইজেরীয় নাগরিককে আটক করা হয়।
পুলিশি তদন্তে জানা গিয়েছে, ধৃতদের মধ্যে ৮ জনের ভারতে থাকার বৈধ নথি ছিল না। এছাড়াও ৯ জনের বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদক পাচার ও মাদক সংক্রান্ত অপরাধের মামলা রয়েছে।
অভিযান চলাকালীন এক নাইজেরীয় মহিলা চতুর্থ তলা থেকে ঝাঁপ দেন। গুরুতর জখম অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ সূত্রে খবর, ধৃতদের ভিসা, পাসপোর্ট ও অন্যান্য নথি খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি যেসব বাড়ির মালিক অবৈধভাবে তাঁদের থাকতে সাহায্য করেছেন, তাঁদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য