এ রাজ্যে আরও ৪টি নতুন মেডিক্যাল কলেজ গড়ার প্রস্তাব মুখ্যমন্ত্রীর, জমি দিতে প্রস্তুত নবান্ন
​কলকাতা, ২৩ মে (হি.স.): পশ্চিমবঙ্গের সামগ্রিক স্বাস্থ্য পরিকাঠামোকে আরও শক্তিশালী করতে এবং সাধারণ মানুষের দোরগোড়ায় উন্নত চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে তৎপর হলো রাজ্য সরকার। রাজ্যের চার জেলায় নতুন চারটি মেডিক্যাল কলেজ ও হাসপাতাল গড়ে তোলার লক্ষ্যে ক
মুখ্যমন্ত্রীর পৌরহিত্যে স্বাস্থ্য সংক্রান্ত জরুরি বৈঠক


​কলকাতা, ২৩ মে (হি.স.): পশ্চিমবঙ্গের সামগ্রিক স্বাস্থ্য পরিকাঠামোকে আরও শক্তিশালী করতে এবং সাধারণ মানুষের দোরগোড়ায় উন্নত চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে তৎপর হলো রাজ্য সরকার। রাজ্যের চার জেলায় নতুন চারটি মেডিক্যাল কলেজ ও হাসপাতাল গড়ে তোলার লক্ষ্যে কেন্দ্রীয় সরকারের কাছে আনুষ্ঠানিক প্রস্তাব পেশ করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সঙ্গে আয়োজিত এক উচ্চপর্যায়ের ভার্চুয়াল বৈঠকে তিনি এই প্রস্তাব তুলে ধরেন।

​বৈঠক শেষে এই বিষয়ে বিস্তারিত জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, পশ্চিম বর্ধমান জেলার আসানসোল, উত্তরবঙ্গের কালিম্পং ও আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুর জেলায় নতুন মেডিক্যাল কলেজ গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। কেন্দ্রে ও রাজ্যে একই দলের (ডাবল ইঞ্জিন) সরকার থাকায় পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এই কাজ আরও দ্রুত গতিতে সম্পন্ন হবে।

​মুখ্যমন্ত্রী জানান, এই মুহূর্তে রাজ্যের যে চারটি জেলা স্বাস্থ্য পরিকাঠামোর নিরিখে কিছুটা পিছিয়ে বা উপেক্ষিত রয়েছে, সেখানেই দ্রুততার সঙ্গে এই নতুন প্রকল্পগুলি বাস্তবায়ন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতিটি জেলাতেই যাতে নিজস্ব মেডিক্যাল কলেজ ও হাসপাতাল থাকে, সেটিই সরকারের মূল লক্ষ্য ও দৃষ্টিভঙ্গি।

​এই চার বৃহৎ প্রকল্পের জন্য প্রয়োজনীয় উপযুক্ত জমি দিতে পশ্চিমবঙ্গ সরকার সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলে বৈঠকে স্পষ্ট করেছেন মুখ্যমন্ত্রী। তিনি যোগ করেন, জমি চিহ্নিতকরণ-সহ অন্যান্য প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করে দ্রুত কেন্দ্রীয় সরকারের কাছে চূড়ান্ত প্রস্তাব পাঠানোর জন্য নবান্ন তৎপরতার সঙ্গে কাজ শুরু করে দিয়েছে। এর ফলে সংশ্লিষ্ট জেলাগুলির পাশাপাশি সংলগ্ন বিস্তীর্ণ এলাকার মানুষ ঘরের কাছেই আধুনিক ও উন্নত মানের চিকিৎসা সুযোগ পাবেন বলে আশা করা হচ্ছে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande