
ঝাড়গ্রাম, ২৩ মে (হি.স.) : জামাইবাবুর সঙ্গে নদীতে স্নান করতে গিয়ে সুবর্ণরেখা নদীর জলে তলিয়ে মৃত্যু হল এক কিশোরের। ঘটনায় আহত হয়েছেন তার জামাইবাবু। শনিবার দুপুরে ঘটনাটি ঘটে ঝাড়গ্রাম জেলার বেলিয়াবেড়া থানার মহাপাল এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত কিশোরের নাম উজ্জ্বল বিশ্রাম (১৬)। বাড়ি শালবনী গ্রামে। স্থানীয় সূত্রে জানা যায়, তীব্র গরম থেকে স্বস্তি পেতে উজ্জ্বল তাঁর জামাইবাবুর সঙ্গে সুবর্ণরেখা নদীতে স্নান করতে গিয়েছিল। স্নান করার সময় হঠাৎ নদীর স্রোতে সে ভেসে যেতে থাকে।
তাঁকে বাঁচাতে জামাইবাবুও নদীতে ঝাঁপ দেন। কিন্তু তিনিও স্রোতের টানে ভেসে যেতে থাকেন। পরে স্থানীয়রা দ্রুত নদীতে নেমে জামাইবাবুকে উদ্ধার করতে সক্ষম হন এবং ঝাড়গ্রাম জেলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করান। তবে কিশোর উজ্জ্বলকে উদ্ধার করা সম্ভব হয়নি।
ঘটনার খবর পেয়ে বেলিয়াবেড়া থানার পুলিশ ও ব্লক প্রশাসনের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছান। পরে বিপর্যয় মোকাবিলা বাহিনী ও ডুবুরি দল কয়েক ঘণ্টার তল্লাশি চালিয়ে কিশোরের দেহ উদ্ধার করে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঝাড়গ্রাম জেলা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বাসিন্দা গৌরাঙ্গ হাজরা জানান, নদীতে স্নান করতে গিয়ে স্রোতের টানে তলিয়ে যায় কিশোরটি, আহত হন তাঁর জামাইবাবুও।
হিন্দুস্থান সমাচার / গোপেশ মাহাতো