
আগরতলা, ২৩ মে (হি.স.) : শনিবার বিকেল ৪টা নাগাদ জাতীয় সড়ক (এনএইচ-১০৮বি)-এর লেম্বুছড়া বাজার সংলগ্ন এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। দ্রুতগামী একটি পণ্যবোঝাই লরি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। দুর্ঘটনায় লরিটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হলেও চালক অল্পের জন্য প্রাণে রক্ষা পান। দুর্ঘটনাগ্রস্ত লরিটির নম্বর এএস২৮এ-০৭১১।
জানা গেছে, লরিটির চালক অসমের শিলচর থেকে ‘জিও স্মার্টপয়েন্ট’-এর বিপুল পরিমাণ নিত্যপ্রয়োজনীয় মুদি সামগ্রী নিয়ে বিশালগড়ের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। লেম্বুছড়া বাজার এলাকা অতিক্রম করার সময় আচমকাই লরিটির স্টিয়ারিং লক হয়ে যায়। ফলে মুহূর্তের মধ্যেই চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। নিয়ন্ত্রণহীন লরিটি সড়কের পাশে ছিটকে গিয়ে উল্টে পড়ে।
দুর্ঘটনার তীব্র শব্দে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধারকাজে হাত লাগান। খবর পেয়ে লেম্বুছড়া ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ আহত চালককে প্রাথমিকভাবে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যায়। তবে বড় ধরনের শারীরিক আঘাত এড়াতে সক্ষম হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয়রা।
দুর্ঘটনার জেরে কিছু সময়ের জন্য জাতীয় সড়কে যান চলাচলে বিঘ্ন ঘটে। পরে পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় ক্ষতিগ্রস্ত লরিটিকে সরানোর উদ্যোগ নেওয়া হয়। প্রাথমিকভাবে যান্ত্রিক ত্রুটির কারণেই দুর্ঘটনাটি ঘটেছে বলে অনুমান করা হচ্ছে। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ