
গোসাবা, ২৩ মে (হি. স.): রাতের অন্ধকারে তৃণমূল নেতার বাড়িতে চড়াও হয়ে ভাংচুর ও বাড়ি থেকে গাড়ি তুলে নিয়ে এসে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল স্থানীয় দুষ্কৃতিদের বিরুদ্ধে। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে গোসাবার কুমিরমারি এলাকায়। স্থানীয় তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি অঙ্কন মণ্ডলের বাড়িতে এই হামলা হয় বলে অভিযোগ। রাতের অন্ধকারে বিজেপির নাম করে একদল দুষ্কৃতি এই হামলা চালিয়েছে বলে অভিযোগ অঙ্কনের। যদিও এ বিষয়ে শনিবার বিকেল পর্যন্ত সুন্দরবন কোস্টাল থানায় কোন লিখিত অভিযোগ দায়ের হয়নি বলেই জানিয়েছে পুলিশ। তবে ঘটনার তদন্ত শুরু হয়েছে।
২০২৬ বিধানসভা নির্বাচনের পর রাজ্যে পালা বদল হতেই একের পর এক তৃণমূল নেতার বাড়িতে হামলার ঘটনা ঘটছে। গোসাবায় একাধিক তৃণমূল নেতার বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। বহু তৃণমূল নেতা বর্তমানে ঘরছাড়া। কিন্তু তবুও রাতের অন্ধকারে একের পর এক তৃণমূল নেতা কর্মীদের বাড়িতে হামলার ঘটনা ঘটছে বলে অভিযোগ। বিজেপি আশ্রিত দুষ্কৃতিরা এই হামলা চালাচ্ছে বলেও অভিযোগ উঠেছে। রাতারাতি যারা বিজেপি হয়েছে, এই হামলার পিছনে তাদের হাত রয়েছে বলেই দাবি তৃণমূল নেতৃত্বের।
শুক্রবার রাতে অঙ্কনের বাড়িতে চড়াও হয়ে ভাঙচুরের পাশাপাশি তাঁর গাড়ি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয়। আগুনে পুড়ে ভস্মিভূত হয়ে যায় প্রাইভেট গাড়িটি। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এলাকায়। অঙ্কন বলেন, “ বিজেপির অত্যাচারে এখনও আমরা বাড়ি ফিরতে পারিনি। এরই মধ্যে রাতের অন্ধকারে ফের একদল দুষ্কৃতি বাড়িতে চড়াও হয়ে ভাংচুর করেছে। গাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে। যখন রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্ব শান্তির বার্তা দিচ্ছেন, বিরোধীদের উপর হামলা না করার বার্তা দিচ্ছেন, ঠিক তখনও এই ধরনের হামলা আমাদের উপর হচ্ছে। এলাকায় যাতে শান্তি প্রতিষ্ঠিত হয় সেই অনুরোধ জানাচ্ছি।” যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় বিজেপি নেতৃত্ব। গোসাবার বিজেপি নেতা সন্দীপ মৃধা বলেন, “ এই ঘটনার পিছনে বিজেপির হাত নেই। বিজেপির সংস্কৃতি এটা নয়। এর পিছনে তৃণমূলের গোষ্ঠী কোন্দলই দায়ী।”
হিন্দুস্থান সমাচার / পার্সতি সাহা