
বাঁকুড়া, ২৩ মে (হি.স.) : বাঁকুড়ার বড়জোড়া ব্লকের পখন্না গ্রাম পঞ্চায়েতের প্রধান মহসিনা বেগমের বাড়িতে দুষ্কৃতী হামলার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে চান্দাই গ্রাম সহ আশপাশের এলাকায়। শুক্রবার গভীর রাতে একদল দুষ্কৃতী প্রধানের বাড়িতে চড়াও হয়ে ব্যাপক ভাঙচুর চালায় বলে অভিযোগ। হামলায় বাড়ির কাচের দরজা-জানালার পাশাপাশি একটি চারচাকা গাড়িও ভাঙচুর করা হয়। পঞ্চায়েত প্রধান মহসিনা বেগমের অভিযোগ, রাত সাড়ে ১১টা নাগাদ রড ও সাবল নিয়ে একদল দুষ্কৃতী তাঁদের বাড়িতে হামলা চালায়। প্রাণভয়ে তিনি ও তাঁর পরিবার লুকিয়ে পড়েন। পরে বিজেপির বড়জোড়া মণ্ডল-৩ সভাপতি ধনঞ্জয় গরাইকে ফোন করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। মহসিনা বেগমের দাবি, সময়মতো পুলিশ না এলে বড় ধরনের বিপদ ঘটতে পারত। তিনি জানান, গত ৪ মে ভোটের ফল প্রকাশের পরও তাঁর স্বামী আতিয়ার রহমান মল্লিক ওরফে তাপস মল্লিককে মারার উদ্দেশ্যে বাড়িতে হামলার চেষ্টা হয়েছিল। তাঁর স্বামী বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল সংখ্যালঘু সেলের সাধারণ সম্পাদক ও চান্দাই ৮৬ নম্বর বুথের সভাপতি। মহসিনা বেগমের দাবি, এলাকায় তৃণমূল বিপুল ভোটে জয় পাওয়ায় ক্ষোভ থেকেই এই হামলা হয়েছে। তিনি বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। যদিও বিজেপি সমস্ত অভিযোগ অস্বীকার করেছে। বিজেপির মণ্ডল সভাপতি ধনঞ্জয় গরাই বলেন, “এই ঘটনার সঙ্গে বিজেপির কোনও সম্পর্ক নেই। যদি কোনও বিজেপি কর্মীর যোগ প্রমাণিত হয়, দল তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে।” তাঁর দাবি, ব্যক্তিগত আক্রোশের জেরে হামলার ঘটনা ঘটিয়ে বিজেপির নামে দোষ চাপানোর চেষ্টা হচ্ছে। ঘটনার জেরে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। তবে শনিবার বিকেল পর্যন্ত বড়জোড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়নি বলে জানা গিয়েছে।
হিন্দুস্থান সমাচার / সোমনাথ বরাট