
দুর্গাপুর, ২৩ মে (হি.স.) : বিজেপির নাম ভাঙিয়ে ভুয়ো সিন্ডিকেট তৈরি করে তোলাবাজি ও শ্রমিক নিয়োগে দাদাগিরির ছক—এই অভিযোগকে কেন্দ্র করে শনিবার উত্তেজনা ছড়াল দুর্গাপুরের গোপালমাঠ বনগ্রাম এলাকায়। গোপন বৈঠকের খবর পেয়ে সেখানে পৌঁছে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
অভিযোগ, দুর্গাপুর ইস্পাত কারখানায় অস্থায়ী শ্রমিক নিয়োগকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই সিন্ডিকেটরাজ চালাত তৃণমূল শ্রমিক সংগঠনের একাংশ। স্থানীয়দের বঞ্চিত করে মোটা টাকার বিনিময়ে বহিরাগতদের ঠিকাশ্রমিক হিসেবে নিয়োগ করা হত বলেও অভিযোগ উঠেছে। এই ঘটনায় তৃণমূল শ্রমিক সংগঠনের কোর কমিটির সদস্য শেখ মনি, নেতা আকবর আলি, রসুল মিয়াসহ কয়েকজনের নাম সামনে এসেছে।
বিজেপির দাবি, রাজ্যে রাজনৈতিক পালাবদলের পরেও পুরনো সিন্ডিকেট চক্র সক্রিয় রয়েছে। এবার বিজেপির নাম ব্যবহার করে নতুন করে সিন্ডিকেট চালানোর পরিকল্পনা করা হচ্ছিল। সেই উদ্দেশ্যেই গোপালমাঠের বনগ্রাম এলাকায় গোপনে বৈঠক ডাকা হয়েছিল বলে অভিযোগ। খবর পেয়ে সেখানে পৌঁছে যায় বিজেপির যুব কর্মীরা। বিজেপির দাবি, কর্মীদের ধাওয়া খেয়ে শেখ মনি, আকবর আলি ও রসুল মিয়া এলাকা ছেড়ে পালিয়ে যায়।
বিজেপির যুব মোর্চার সহ-সভাপতি সুমন গোপ বলেন, “বিজেপি ক্ষমতায় আসার পরেও গোপনে তোলাবাজির ছক চলছিল। বিজেপির নাম করে ফের সিন্ডিকেট গড়ার চেষ্টা হচ্ছিল। আমাদের দল স্পষ্ট জানিয়েছে, কোনও তোলাবাজি বরদাস্ত করা হবে না।”
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ কয়েকজনকে আটক করেছে বলে জানা গিয়েছে। যদিও এই অভিযোগ প্রসঙ্গে তৃণমূলের কোনও প্রতিক্রিয়া মেলেনি।
হিন্দুস্থান সমাচার / জয়দেব লাহা