
পাটনা, ২৩ মে (হি.স.) : পেট্রোল ও ডিজেলের লাগাতার মূল্যবৃদ্ধি নিয়ে কেন্দ্র ও বিহারের ডাবল ইঞ্জিন সরকারকে কড়া আক্রমণ করলেন বিহার বিধানসভায় বিরোধী দলনেতা তেজস্বী যাদব। শনিবার পাটনায় সাংবাদিক বৈঠকে তিনি অভিযোগ করেন, জ্বালানির দাম বৃদ্ধির ফলে সাধারণ মানুষের উপর অতিরিক্ত আর্থিক চাপ তৈরি হচ্ছে, কিন্তু সরকার এ বিষয়ে কোনও গুরুত্ব দিচ্ছে না।
তেজস্বীর দাবি, গত ১০ দিনে পেট্রোল ও ডিজেলের দামে প্রায় ৫ টাকা প্রতি লিটার বৃদ্ধি হয়েছে, অর্থাৎ গড়ে প্রতিদিন প্রায় ৫০ পয়সা করে দাম বেড়েছে। তাঁর অভিযোগ, এই মূল্যবৃদ্ধি থামার কোনও লক্ষণ নেই এবং এর ফলে সাধারণ মানুষের ভোগান্তি আরও বাড়বে।
তিনি বলেন, বর্তমান সরকারের নীতি জনবিরোধী ও পুঁজিপতিদের স্বার্থরক্ষাকারী। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কম থাকলেও সাধারণ মানুষ তার সুবিধা পায়নি। অথচ এখন দামের ওঠানামার সমস্ত চাপ জনগণের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে। ২০১৪ সালের তুলনায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম অনেক সময় কম থাকলেও দেশে পেট্রোল-ডিজেলের খুচরো মূল্য প্রায় দ্বিগুণ হয়েছে বলেও দাবি করেন তিনি।
আরজেডি নেতা আরও বলেন, জ্বালানির মূল্যবৃদ্ধির সরাসরি প্রভাব পড়বে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র, পরিবহণ ও শিল্পক্ষেত্রে। এতে ছোট শিল্পে চাপ বাড়বে, কর্মসংস্থান কমতে পারে এবং ফের শ্রমিকদের ভিনরাজ্যে পাড়ি দেওয়ার পরিস্থিতি তৈরি হতে পারে। এর ফলে দারিদ্র্য ও বেকারত্বের সমস্যা আরও বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।
সরকারের অগ্রাধিকার নিয়েও প্রশ্ন তোলেন তেজস্বী যাদব। তাঁর অভিযোগ, উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও কর্মসংস্থানের মতো গুরুত্বপূর্ণ বিষয়ের বদলে সরকার অন্য রাজনৈতিক ও মতাদর্শগত বিষয় নিয়ে বেশি ব্যস্ত। তিনি আরও দাবি করেন, প্রচার, সাংবিধানিক প্রতিষ্ঠান ব্যবহারের রাজনীতি এবং সামাজিক বিভাজনের বিষয়গুলিতে সরকার বেশি মনোযোগ দিচ্ছে, যার খেসারত দিতে হচ্ছে সাধারণ মানুষকেই।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য