
আলওয়ার, ২৩ মে (হি.স.): রাজস্থানের আলওয়ার জেলায় বাস উল্টে ঘটে গেল মারাত্মক দুর্ঘটনা। এই দুর্ঘটনায় কমপক্ষে ৪০ জন যাত্রী আহত হয়েছেন। তাঁদের মধ্যে ৬ জনের আঘাত গুরুতর। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিক চিকিৎসার পর সামান্য আহতদের ছেড়ে দেওয়া হয়েছে।
পুলিশ জানিয়েছে, শনিবার সকালে আলওয়ার জেলার রাইনির কাছে দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়ের ওপর প্রায় ৪০ জন যাত্রী-সহ একটি স্লিপার বাস উল্টে যায়। এনএইচএআই-এর অ্যাম্বুলেন্সের সাহায্যে আহত সকল যাত্রীকে পিনান হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, যেখানে তাদের চিকিৎসা চলছে। গুরুতর আহত ৬ জন যাত্রীকে আলওয়ারে রেফার করা হয়েছে। আহত এক যাত্রী জানান, কিভাবে দুর্ঘটনা ঘটল বলতে পারব না, আচমকাই বাসটি উল্টে যায়।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ