
কলকাতা, ২৩ মে (হি.স.): পশ্চিমবঙ্গ জুড়ে মোট ৪৭০টি প্রধানমন্ত্রী জন ঔষধি কেন্দ্র গড়ার প্রস্তাব রয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শনিবার এক সাংবাদিক সম্মেলনে এই বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন।
তিনি জানান, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডার সঙ্গে সংশ্লিষ্ট বিষয়ে তাঁর দীর্ঘ ও সদর্থক বৈঠক হয়েছে।
মুখ্যমন্ত্রী জানান, এই মুহূর্তে রাজ্যে ১৭০টি প্রধানমন্ত্রী জন ঔষধি কেন্দ্র চালু রয়েছে। আরও ৩০০টি নতুন কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে এবং সেই অনুযায়ী ভাবনাচিন্তা ও প্রস্তুতি চলছে। ব্লক স্তরে এই কেন্দ্রগুলির প্রয়োজনীয়তা বিশেষভাবে অনুভব করা হয়েছে। যদি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র পর্যন্ত এই প্রকল্পটিকে সফলভাবে রূপায়ণ করা সম্ভব হয়, তবে রাজ্যের সামগ্রিক স্বাস্থ্য ব্যবস্থার হালহকিকত আমূল বদলে যাবে।
সাধারণ মানুষের ওষুধের খরচ কমানোর ওপর জোর দিয়ে মুখ্যমন্ত্রী একটি উদাহরণ তুলে ধরেন। তিনি বলেন, প্রতি মাসে যে চিকিৎসার জন্য ২০০০ টাকা খরচ হয়, সেই খরচ কীভাবে মাত্র ২০০ টাকাতে নামিয়ে আনা যায়— তা নিয়ে নিরন্তর আলোচনা চলছে। ওষুধের এই খরচ ১০ গুণ কমিয়ে আনাই এখন রাজ্য সরকারের অন্যতম প্রধান লক্ষ্য। আর এই বিশেষ সুবিধাটি মিলবে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে।
আগামী দিনে মহকুমা স্তর এবং জেলা পর্যায়েও এই জন ঔষধি কেন্দ্রগুলির নেটওয়ার্ক প্রসারিত করার পরিকল্পনা রয়েছে। এর ফলে ডায়াবেটিস ও হাইপারটেনশনের মতো ক্রনিক রোগে আক্রান্ত গ্রামবাংলার সাধারণ মানুষ অত্যন্ত সাশ্রয়ী মূল্যে ওষুধ পাবেন এবং আর্থিক বোঝা থেকে মুক্তি মিলবে বলে আশা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত