
গুয়াহাটি, ২৩ মে (হি.স.) : রাজ্যের বিভিন্ন প্রান্তের ঈদগাহ ও কবরস্থান কমিটির পক্ষ থেকে বকরি-ঈদ উপলক্ষ্যে গরু কোরবানি না করার আহ্বানকে স্বাগত জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা।
নিজের অফিশিয়াল এক্স-এ হোজাই, ধুবড়ি, বঙাইগাঁও এবং কাছাড়ের উধারবন্দ সহ বিভিন্ন এলাকার প্রকাশিত সংবাদপত্রের কাটিং ও প্রেস বিজ্ঞপ্তির কপি শেয়ার করে মুখ্যমন্ত্রী বলেন, এই উদ্যোগ রাজ্যের সংখ্যাগরিষ্ঠ সনাতন সম্প্রদায়ের অনুভূতির প্রতি সম্মান প্রদর্শনের প্রতিফলন।
মুখ্যমন্ত্রী বলেছেন, কমিটিগুলি ঈদ-উল-আজহা উপলক্ষ্যে গরু কোরবানি থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছে এবং সেই সিদ্ধান্তের পেছনে আইনি ও ধর্মীয় কারণও ব্যাখ্যা করেছে। তিনি বলেন, এ ধরনের উদ্যোগ অসমে শান্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতি আরও শক্তিশালী করতে সহায়ক হবে।
ড. শর্মা লিখেছেন, ‘হোজাই, ধুবড়ি, বঙাইগাঁও, উধারবন্দ এবং অন্যান্য স্থানের ঈদগাহ কমিটিগুলির উদ্যোগকে আমি স্বাগত জানাই। তারা সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়ের অনুভূতির প্রতি সম্মান দেখিয়েছে। এ ধরনের পদক্ষেপ অসমে সাম্প্রদায়িক সম্প্রীতি মজবুত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমি আশা করি, অন্যান্য ঈদগাহ কমিটিগুলিও একই ধরনের আহ্বান জানাবে।’
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস