
নয়াদিল্লি, ২৩ মে (হি.স.) : পেট্রোল-ডিজেল-সহ জ্বালানির লাগাতার মূল্যবৃদ্ধি নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। তাঁর অভিযোগ, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমলেও সাধারণ মানুষকে কোনও স্বস্তি না দিয়ে কেন্দ্র বারবার জ্বালানির দাম বাড়িয়ে চলেছে।
শনিবার সমাজমাধ্যম ‘এক্স’-এ করা পোস্টে খাড়গে দাবি করেন, গত দশ দিনের মধ্যে তৃতীয়বার পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধি করা হয়েছে। তাঁর বক্তব্য, সরকার তুলনা টেনে বলছে ভারতে জ্বালানির দাম অন্য অনেক দেশের তুলনায় কম, কিন্তু বাস্তবে সংকটের সময়ে বহু দেশ সাধারণ মানুষকে স্বস্তি দিতে কর কমিয়েছে ও ভর্তুকি ঘোষণা করেছে।
কংগ্রেস সভাপতির দাবি, পশ্চিম এশিয়ার অস্থিরতা ও বিশ্ব অর্থনৈতিক অনিশ্চয়তার সময় ইতালি, অস্ট্রেলিয়া, জার্মানি, ব্রিটেন ও আয়ারল্যান্ডের মতো দেশ জ্বালানির উপর কর কমিয়ে বা ভর্তুকি দিয়ে নাগরিকদের সাহায্য করেছে। অথচ ভারতে উল্টো পথে হাঁটা হচ্ছে।
খাড়গে বলেন, মূল্যবৃদ্ধির প্রভাব শুধু জ্বালানিতেই সীমাবদ্ধ থাকবে না। পরিবহণ খরচ বাড়ার ফলে খাদ্যপণ্য ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দামও বাড়বে। এর সবচেয়ে বেশি প্রভাব পড়বে মধ্যবিত্ত, কৃষক, ছোট ব্যবসায়ী ও নিম্ন আয়ের মানুষের উপর।
তিনি আরও উল্লেখ করেন, গত এক মাসে একাধিকবার পেট্রোল, ডিজেল, সিএনজি ও এলপিজির দাম বাড়ানো হয়েছে। তাঁর দাবি, ১ মে বাণিজ্যিক এলপিজির দাম প্রায় এক হাজার টাকা বাড়ানো হয়েছিল। পরে ১৫ মে পেট্রোল-ডিজেলের দাম লিটারপিছু ৩ টাকা এবং সিএনজির দাম কিলোগ্রামপিছু ২ টাকা বৃদ্ধি করা হয়। এরপর ১৮ মে আবারও মূল্যবৃদ্ধি করা হয়।
শনিবার দিল্লিতে পেট্রোলের দাম লিটারপিছু ৯৯.৫১ টাকা এবং ডিজেলের দাম ৯২.৪৯ টাকায় পৌঁছেছে বলেও উল্লেখ করেন তিনি। শেষে কেন্দ্রীয় সরকারের কাছে জ্বালানির উপর কর কমিয়ে সাধারণ মানুষকে স্বস্তি দেওয়ার দাবি জানিয়েছেন খাড়গে।
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য