
ফরিদাবাদ, ২৩ মে (হি.স.) : হরিয়ানার ফরিদাবাদের একটি স্কুলের উপর নির্মীয়মাণ বহুতলের দেওয়াল ভেঙে পড়ে গুরুতর জখম হল অন্তত চার শিশু। শনিবার ঘটনাটি ঘটেছে খেলি পুল থানা এলাকার ভারত কলোনিতে অবস্থিত Hans হংস মেমোরিয়াল পাবলিক স্কুলে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রবল ঝড়ের জেরে স্কুলের পাশেই তৈরি হওয়া বহুতল নির্মাণের একটি বড় অংশ আচমকা ভেঙে স্কুল ভবনের ছাদের উপর পড়ে। তাতে ইউকেজি শ্রেণিকক্ষের ছাদ ভেঙে পড়ে পড়ুয়াদের উপর। মুহূর্তের মধ্যে স্কুলজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্কুল কর্তৃপক্ষ ও স্থানীয়রা ধ্বংসস্তূপ সরিয়ে শিশুদের উদ্ধার করেন। আহতদের মধ্যে দীপ্তি, দিব্যা, মীরা ও নন্দু নামে চার শিশুর মাথায় গুরুতর আঘাত লেগেছে। তাদের বয়স ৬ থেকে ৭ বছরের মধ্যে। আরও কয়েকজন শিশু সামান্য জখম হয়েছে বলে জানা গিয়েছে। আহত শিশুদের দ্রুত চিকিৎসার জন্য বিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, ঘটনায় কারও গাফিলতি প্রমাণিত হলে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য