
কোরবা, ২৩ মে (হি.স.) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের ১২ বছর পূর্তি উপলক্ষে কৃষিক্ষেত্রে বিভিন্ন প্রকল্পের সুফল নিয়ে উঠে এল কৃষকদের অভিজ্ঞতা। শনিবার ছত্তিশগড়ে কোরবা জেলার একাধিক কৃষক জানিয়েছেন, ফসল বিমা প্রকল্প-সহ সরকারি সহায়তা তাঁদের জন্য কার্যত ‘সুরক্ষা কবচ’-এর কাজ করছে।
কাটঘোরার কৃষক রামভরোস যাদব বলেন, খারাপ আবহাওয়া বা প্রাকৃতিক দুর্যোগের সময়ে ফসল বিমা প্রকল্প কৃষকদের বড় আর্থিক ভরসা দিচ্ছে। তাঁর দাবি, সংকটের সময় কৃষকদের একা না ফেলে পাশে দাঁড়িয়েছে কেন্দ্রীয় সরকার।
গুরসিয়ার কৃষক গণেশ সিং জানান, বিমা প্রকল্পে কৃষকদের দেওয়া প্রিমিয়ামের তুলনায় অনেক বেশি আর্থিক সহায়তা পাওয়া যাচ্ছে। এতে কৃষকদের আত্মবিশ্বাসও বেড়েছে। ক্ষতির সময়ে আর্থিক সাহায্য পাওয়ায় চাষাবাদে আগ্রহ বাড়ছে বলেও জানান তিনি।
অন্যদিকে কোরবার কৃষক সুখীরাম বলেন, শুধু ঘোষণা নয়, বাস্তবে কৃষকদের সুরক্ষা দেওয়ার কাজ করছে সরকার। ফসলের ক্ষতি হলে সরাসরি আর্থিক সহায়তা মেলায় কৃষকদের মধ্যে সরকারের প্রতি আস্থা আরও বৃদ্ধি পেয়েছে।
কৃষি দফতরের পক্ষ থেকেও জানানো হয়েছে, সরকারি প্রকল্পগুলির সুবিধা প্রত্যন্ত এলাকার কৃষকদের কাছে পৌঁছে দিতে সচেতনতা বৃদ্ধি ও প্রশিক্ষণের কাজ চালানো হচ্ছে। পাশাপাশি আধুনিক কৃষিপদ্ধতি ও আন্তঃফসল চাষের উপকারিতাও কৃষকদের বোঝানো হচ্ছে।
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য