

পাথারকান্দি (অসম), ২৩ মে (হি.স.) : টানা কয়েক ঘণ্টার বর্ষণে বন্যার কবলে পড়েছে শ্রীভূমি জেলান্তর্গত পাথারকান্দির বুবরিঘাট চা বাগানের বিস্তীর্ণ এলাকা। জলে ভাসছে চা বাগানের প্রায় শতাধিক বাড়িঘর।
শুক্রবার রাতে অতিবৃষ্টির ফলে লাগোয়া ডেফলছড়ার জল বিপদসীমা অতিক্রম করে বন্যার সৃষ্টি করেছে। আজ শনিবার সকাল থেকে বন্যার জল আতঙ্কের পরিবেশ সৃষ্টি করে স্থানীয়দের মধ্যে।
এলাকার জনগনের অভিযোগ, সঠিক সময়ে ছড়া খনন না হওয়ায় মূল ছড়া দিয়ে জল নিষ্কাশনে বাধার সৃষ্টি করছে। এতে বছরের পর বছর ধরে, বিশেষ করে বর্ষাকালে চরম সমস্যায় পড়তে হয় বুবরিঘাট চা বাগানের বাসিন্দাদের। এ ব্যাপারে তাঁরা জলসম্পদ বিভাগের চরম গাফিলতিকে দায়ী করছেন।
বন্যার ফলে বুবরিঘাটের স্টাফ লাইন, কন্দপাড়া, নাচঘর লাইন, কোয়ার্টার লাইন, তাঁতিপাড়া ও বড়লাইনের প্রায় শতাধিক পরিবার ক্ষতিগ্রস্থ হয়েছেন। আজ বিকাল থেকে কিছুটা জল কমার খবর পাওয়া গেছে। সৃষ্ট সমস্যা নিরসনে এলাকার ভুক্তভোগীরা ছড়ার ওপর পাশে আরেকটি প্রটেকশন বাঁধ নির্মাণের জন্য বিভাগীয় কর্তৃপক্ষ সহ সার্কল অফিসার, জেলাশাসক এবং বিধায়ক কৃষ্ণেন্দু পালের হস্তক্ষেপ কামনা করেছেন।
হিন্দুস্থান সমাচার / মনোজিৎ দাস