
বরাবাঁকি, ২৩ মে (হি.স.): উত্তর প্রদেশে বরাবাঁকি জেলায় শনিবার ভোররাতে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেল। ডাম্পারের চাকায় পিষ্ট হয়ে একই পরিবারের চারজনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে রয়েছেন বাবা, দুই ছেলে ও এক মেয়ে। সন্তানদের মা গুরুতর জখম। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, বরাবাঁকি জেলায় ফতেপুর-মাহমুদাবাদ রাস্তায় বাড়ির বাইরে রাস্তায় মশারি টাঙিয়ে ঘুমিয়েছিলেন চারজন। ডাম্পার চালক বেপরোয়া গতিতে চালাচ্ছিলেন। ঘুমন্তদের উপর দিয়ে ডাম্পার চালিয়ে দেন তিনি। পুলিশ ডাম্পার চালকের খোঁজ করছে।
তীব্র গরমের মধ্যেই বিদ্যুৎ ছিল না। তাই গরম থেকে স্বস্তি পেতে বাড়ির বাইরে মশারি টাঙিয়ে ঘুমিয়ে ছিলেন তাঁরা। শনিবার ভোররাতে ফতেহপুর-মাহমুদাবাদ সড়কের ঝানসা গ্রামে রাস্তার পাশে ঘুমন্ত একটি পরিবারকে দ্রুতগামী ও নিয়ন্ত্রণহীন ডাম্পার পিষে দেয়। দুর্ঘটনাটি এতটাই ভয়াবহ ছিল যে, পরিবারের কর্তা ও তাঁর তিন সন্তান নিহত হন এবং স্ত্রী গুরুতর আহত হয়েছেন। এই ঘটনার পর পুরো গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ