অবিরাম বৃষ্টি ও বন্যা পরিস্থিতিতে শ্রীভূমির বিদ্যালয়গুলিতে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ
শ্রীভূমি (অসম) ২৩ মে (হি.স.) : অবিরাম বৃষ্টি এবং চলমান বন্যা পরিস্থিতির প্রেক্ষিতে শ্রীভূমি জেলার সমস্ত বিদ্যালয়ে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ জারি করেছে শিক্ষা বিভাগ। জেলার সমস্ত বিদ্যালয়ের প্রধানশিক্ষক, শিক্ষক-শিক্ষিকা এবং সংশ্লিষ্ট কর্
অবিরাম বৃষ্টি ও বন্যা পরিস্থিতিতে শ্রীভূমির বিদ্যালয়গুলিতে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ


শ্রীভূমি (অসম) ২৩ মে (হি.স.) : অবিরাম বৃষ্টি এবং চলমান বন্যা পরিস্থিতির প্রেক্ষিতে শ্রীভূমি জেলার সমস্ত বিদ্যালয়ে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ জারি করেছে শিক্ষা বিভাগ। জেলার সমস্ত বিদ্যালয়ের প্রধানশিক্ষক, শিক্ষক-শিক্ষিকা এবং সংশ্লিষ্ট কর্মীদের বিদ্যালয়ের সম্পত্তি, সরকারি নথিপত্র এবং ছাত্রছাত্রীদের বিভিন্ন সামগ্রী বন্যা ও বৃষ্টির ক্ষতির হাত থেকে রক্ষা করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

জেলার পরিদর্শক ও জেলা প্রাথমিক শিক্ষা আধিকারিক নীলমজ্যোতি দাসের জারিকৃত নির্দেশে বলা হয়েছে, বিদ্যালয়ের গুরুত্বপূর্ণ নথিপত্র যেমন ভর্তি রেজিস্টার, স্টক রেজিস্টার, ক্যাশ বুক, সরকারি দলিল এবং অন্যান্য জরুরি রেকর্ড নিরাপদ স্থানে, বিশেষত উঁচু তাক বা আলমারিতে সংরক্ষণ করতে হবে যাতে জল ঢুকে ক্ষতি না করতে পারে।

এছাড়া ফ্রি টেক্সট বুক, বিদ্যালয়ের ইউনিফর্ম, পিএম পোষণ প্রকল্পের খাদ্য সামগ্রী, রান্নার বাসনপত্র ও অন্যান্য সরকারি সামগ্রী নিরাপদ ও উঁচু স্থানে সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে।

বিদ্যালয়গুলিতে বৈদ্যুতিক নিরাপত্তার ওপরও বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে। নির্দেশে বলা হয়েছে, বিদ্যালয় প্রাঙ্গণের বৈদ্যুতিক তার, সুইচ, প্লাগ পয়েন্ট, বৈদ্যুতিক যন্ত্রপাতি ও সংযোগগুলি সতর্কতার সঙ্গে পরীক্ষা করতে হবে যাতে শর্ট সার্কিট, বিদ্যুৎস্পৃষ্ট হওয়া কিংবা অন্য কোনও দুর্ঘটনার আশঙ্কা না থাকে।

ভারী বর্ষণ বা বন্যা পরিস্থিতির সময় শ্রেণিকক্ষ, পানীয় জলের স্থান, রান্নাঘর সহ গুদামঘর এবং বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ অবকাঠামোর ওপর বিশেষ নজরদারি চালানোর নির্দেশও দেওয়া হয়েছে। নির্দেশে আরও উল্লেখ করা হয়েছে, বিদ্যালয়ের প্রধানদের ব্যক্তিগতভাবে সমস্ত প্রস্তুতি পর্যবেক্ষণ করতে হবে এবং ছাত্রছাত্রীদের নিরাপত্তা ও সরকারি সম্পত্তি রক্ষার্থে সব ধরনের সতর্কতামূলক ব্যবস্থা নিশ্চিত করতে হবে। নির্দেশিকা শ্রীভূমি জেলার অন্তর্গত সমস্ত বিদ্যালয়ে কঠোরভাবে পালন করার জন্য বলা হয়েছে।

হিন্দুস্থান সমাচার / স্নিগ্ধা দাস




 

 rajesh pande