
হাফলং (অসম), ২৩ মে (হি.স.) : শিলচর–হাফলং ইস্ট-ওয়েস্ট করিডরের বান্দরখালের কাছে দূরবিনটিলা এলাকায় ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটেছে। প্রচণ্ড বৃষ্টির জেরে আজ শনিবার সকাল প্রায় সাড়ে ১১টা নাগাদ পাহাড়ের বিশাল অংশ ধসে জাতীয় সড়কের ওপর এসে পড়ায় সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায় যান চলাচল।
ঘটনার সময় রাস্তায় যানবাহন চলাচল অন্য দিনের চেয়ে তুলনামূলক কম থাকায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। তবে পাহাড়ধসের দরুন সড়কের দু-পাশে বহু যানবাহন আটকে পড়ে এবং যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে প্রশাসন ও সংশ্লিষ্ট দফতরের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যালোচনা করেন। ধস সরিয়ে রাস্তা পরিষ্কার করে প্রায় ঘণ্টা তিনেক পর যান চলাচল স্বাভাবিক করে তুলে এনএইচআইডিসিএল।
এদিকে, বর্ষার মরশুমে ২৭ নম্বর জাতীয় সড়কের পাহাড়ি এলাকায় বারবার ভূমিধসের ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ বাড়ছে। প্রশাসনের পক্ষ থেকে যাত্রীদের সতর্কতার সঙ্গে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।
হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব