
উত্তর ২৪ পরগনা, ২৩ মে (হি. স.):-গারুলিয়া পুরসভায় ব্যাপক রাজনৈতিক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ১১ জন কাউন্সিলরের গণইস্তফাকে কেন্দ্র করে। ২১ ওয়ার্ড বিশিষ্ট এই পুরসভায় ইতিমধ্যেই একের পর এক কাউন্সিলরের পদত্যাগে রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে। পুরসভার পৌরপ্রধান রমেন দাস জানিয়েছেন, আগামী সোমবারের মধ্যে বাকি ১০ জন কাউন্সিলরের মধ্যে আরও ৮ জন ইস্তফা দেবেন বলে তিনি আশা করছেন। এমনকি তিনিও পৌরপ্রধানের পদ থেকে ইস্তফা দেবেন বলে জানিয়েছেন।গারুলিয়া পুরসভার ২১টি ওয়ার্ডের মধ্যে একজন ফরওয়ার্ড ব্লকের এবং একজন নির্দল কাউন্সিলর রয়েছেন। বাকি কাউন্সিলরদের একাংশের ইস্তফার ঘটনায় পুরসভার ভবিষ্যৎ প্রশাসনিক কাঠামো নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।এই ঘটনায় রাজনৈতিক চাপানউতোরও শুরু হয়েছে। শনিবার নোয়াপাড়ার বিধায়ক অর্জুন সিং বলেন, যারা দুর্নীতির সঙ্গে যুক্ত, তাঁদের কাউকেই ছাড়া হবে না। তাঁর এই মন্তব্যের পর জল্পনা আরও বেড়েছে।গারুলিয়া পুরসভার এই গণইস্তফা আগামী দিনে এলাকার রাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে বলেই মনে করছে রাজনৈতিক মহল।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়