
উজ্জ্বয়িনী, ২৩ মে (হি.স.) : মধ্যপ্রদেশের উজ্জ্বয়িনীতে অবস্থিত মহাকালেশ্বর মন্দিরে শুক্রবার রাতে বলিউডের পরিচিত মুখ রেমো ডি’সুজা, অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডে এবং তাঁর স্বামী বিকি জৈন ভগবান মহাকালের দর্শনে আসেন। তাঁরা শয়ন আরতিতে অংশ নিয়ে ভক্তিভরে পূজা-অর্চনা করেন এবং মহাকালের আশীর্বাদ গ্রহণ করেন।
রাতে প্রায় ১০টা নাগাদ সস্ত্রীক রেমো ডি’সুজা মন্দিরে পৌঁছান। তাঁদের সঙ্গে ছিলেন অঙ্কিতা লোখান্ডে ও বিকি জৈন। নন্দী হলে বসে তাঁরা মহাকালের শয়ন আরতির পবিত্র দৃশ্য প্রত্যক্ষ করেন। আরতির সময় প্রত্যেকেই গভীর ভক্তি ও শ্রদ্ধায় মগ্ন দেখা যায়।
আরতির পর তাঁরা নন্দী মহারাজের পুজো করেন এবং নন্দীর কানে নিজেদের মনস্কামনা জানান বলে জানা যায়। এরপর রুপোর দরজা দিয়ে মহাকালের দর্শন করে আশীর্বাদ গ্রহণ করেন তাঁরা।
মন্দির কর্তৃপক্ষের পক্ষ থেকে অতিথিদের স্বাগত জানানো হয়। মন্দির প্রাঙ্গণে উপস্থিত ভক্তদের মধ্যেও তারকাদের এক ঝলক দেখার জন্য উৎসাহ ছিল চোখে পড়ার মতো।
উল্লেখযোগ্য, অঙ্কিতা লোখান্ডে ও বিকি জৈন এর আগেও মহাকাল মন্দিরে এসেছেন। রেমো ডি’সুজাও একাধিকবার মহাকালের দর্শনে এসেছেন বলে জানা গেছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য