
দেওয়াস, ২৩ মে (হি.স.) : মধ্যপ্রদেশের দেওয়াস জেলার টোঙ্কালা এলাকায় বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় আরও দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে ইন্দোরের মহারাজা যশবন্তরাও (এমওয়াই) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁদের মৃত্যু হয়। এর ফলে এই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ জনে।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, মৃত দুই শ্রমিকের নাম অজয় ও নিরঞ্জন। তাঁরা মূলত বিহারের বাসিন্দা ছিলেন। বিস্ফোরণের পর থেকেই দু’জনই বার্ন ইউনিটে ভেন্টিলেটরে ছিলেন এবং তাঁদের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক ছিল।
চিকিৎসকদের মতে, সংক্রমণের ঝুঁকি ও গুরুতর দগ্ধ অবস্থার কারণে তাঁদের বাঁচানো সম্ভব হয়নি, যদিও সর্বোচ্চ চিকিৎসা দেওয়া হচ্ছিল।
অন্যদিকে, আহত শ্রমিক বিশালের অবস্থায় কিছুটা উন্নতি হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। বিস্ফোরণের সময় তিনি গুরুতরভাবে আহত হন এবং মাথায় রক্ত জমাট বাঁধে। বর্তমানে নিউরো সার্জারি ওয়ার্ডে তাঁর পর্যবেক্ষণ চলছে এবং শিগগিরই তাঁকে ছেড়ে দেওয়া হতে পারে বলে চিকিৎসকরা জানিয়েছেন।
এছাড়া চোইথরাম হাসপাতালে ভর্তি অন্যান্য আহতদের মধ্যে বেশ কয়েকজন ইতিমধ্যেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে মাত্র একজন রোগী সেখানে চিকিৎসাধীন রয়েছেন, যাঁর অবস্থাও স্থিতিশীল বলে জানা গেছে।
উল্লেখ্য, ১৪ মে টোঙ্কালা এলাকার ওই বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে ২০ জনেরও বেশি শ্রমিক আহত হন। প্রথম দফায় ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় আরও কয়েকজনের মৃত্যু হওয়ায় মৃতের সংখ্যা ধীরে ধীরে বেড়ে ৮-এ পৌঁছেছে। ঘটনায় পুলিশ ইতিমধ্যেই কারখানার মালিক-সহ পাঁচজনকে গ্রেফতার করেছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য