
কলকাতা, ২৩ মে (হি.স.): পশ্চিমবঙ্গে রাজনৈতিক পরিবর্তন ও নতুন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) সরকার গঠনের পর রাজ্যজুড়ে বেআইনি নির্মাণ এবং ফুটপাথ থেকে জবরদখল হঠানোর যে অভিযান চলছে, তার বিরুদ্ধে কবিতা লিখে তীব্র আক্রমণ শানালেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার তাঁর ফেসবুক পেজে ‘দখল’ শিরোনামে একটি নতুন কবিতা পোস্ট করা হয়। এই কবিতায় রাজ্যে চলমান বুলডোজার পদক্ষেপ, পুলিশের অতি-সক্রিয়তা এবং গরিব উচ্ছেদকে হাতিয়ার করে বর্তমান সরকারকে নিশানা করেছেন তিনি।
তৃণমূল নেত্রী তাঁর কবিতায় লিখেছেন—
“দখল মুক্ত করতে হবে/অসহায় দুর্বল মানুষদের/আর কত বুলডোজার?/আর কত অত্যাচার?/আর কত দানবিকতা?”
প্রশাসন ও পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। কবিতার লাইনে তিনি লিখেছেন—
“নেতাদের তাবেদাররা এখন/ডাণ্ডাওয়ালা রক্ষক বনে গেছে/শত শত গ্রেপ্তার কেন?/কত পুরস্কার মিলছে?”
ফুটপাথের হকার ও গরিব শ্রমিকদের উচ্ছেদ করে পুলিশ-প্রশাসন নতুন সরকারকে খুশি করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কবিতার শেষ অংশে বর্তমান শাসক দলকে পরোক্ষ আক্রমণ করে তিনি লিখেছেন—
“যদি জিতেই গিয়েছ/তবে মানুষ এত ভীত কেন?/সন্ধ্যা নামতেই মাঝরাত কেন নেমে আসে?”
নতুন শাসন ব্যবস্থার মানসিকতাকে “জঞ্জাল” আখ্যা দিয়ে তিনি মন্তব্য করেন, সমাজকে দখলমুক্ত করার আগে শাসকদের নিজেদের মনের জঞ্জাল পরিষ্কার করা উচিত।
কবিতাটি প্রকাশ্যে আসতেই তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বিজেপি। গেরুয়া শিবিরের পক্ষ থেকে পালটা দাবি করা হয়েছে, সরকারি জমি জবরদখল এবং সিন্ডিকেট সংস্কৃতি নিয়ে স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়ও অতীতে প্রশাসনিক বৈঠকে ক্ষোভ প্রকাশ করেছিলেন। বিজেপির অভিযোগ, বিগত সরকারের আমলে রাজনৈতিক ছত্রছায়ায় বেআইনি দখলদারি এবং জমি সিন্ডিকেটের জাল রমরমিয়ে চলেছে।
বিজেপি মুখপাত্ররা জানান, গত ১৫ বছরে রাজ্যে যে অবৈধ দখলদারি ও সিন্ডিকেট রাজ কায়েম হয়েছিল, নতুন সরকার এখন আইনি উপায়ে তা উপড়ে ফেলার কাজ করছে। সেই কারণেই বিরোধী শিবির এই অভিযানের বিরোধিতা করছে এবং উচ্ছেদের মলালে ভুগছে বলে কটাক্ষ করেছে বিজেপি নেতৃত্ব।
হিন্দুস্থান সমাচার / সোনালি