
বুয়েনস আয়ার্স, ২৩মে(হি.স.) : ফিফা বিশ্বকাপে শিরোপা ধরে রাখার অভিযানে অংশ নিতে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের জন্য প্রস্তুত করা হয়েছে এক বিশেষ বিমান। শুক্রবার বুয়েনস আয়ার্সের এযেইযা আন্তর্জাতিক বিমানবন্দরে জমকালো আয়োজনের মধ্য দিয়ে বিমানটি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়।
বিশ্বকাপ চলাকালীন লিওনেল মেসি ও তাঁর দল আলবিসেলেস্তেদের এক শহর থেকে অন্য শহরে আরামদায়ক, নিরাপদ ভ্রমণ এবং লজিস্টিক সাপোর্টের জন্য এই চার্টার্ড বিমানটি বিশেষভাবে ডিজাইন করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন । আগামী কয়েকদিনের মধ্যেই প্রধান কোচ লিওনেল স্কালোনির ঘোষিত চূড়ান্ত স্কোয়াড এই বিমানে চড়ে উত্তর আমেরিকার উদ্দেশ্যে বুয়েনস আয়ার্স ত্যাগ করবে।
বিমানের বাহ্যিক রূপ ও নকশায় আনা হয়েছে দারুণ সব চমক, যা সরাসরি দলের ঐতিহ্য ও গৌরবময় ইতিহাসকে ফুটিয়ে তুলেছে।
আইকনিক টেইল : বিমানের পেছনের অংশে আর্জেন্টিনার ঐতিহ্যবাহী আকাশী-সাদা জার্সির স্ট্রাইপের ওপর বড় করে আঁকা রয়েছে ‘১০’ নম্বর, যা কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনা এবং বর্তমান মহাতারকা লিওনেল মেসির প্রতি বিশেষ সম্মাননা।
ইঞ্জিন ইনসিগনিয়া: বিমানের প্রতিটি ইঞ্জিনের ওপর ফুটিয়ে তোলা হয়েছে অধিনায়কের অফিসিয়াল 'সি'(ক্যাপ্টেন) ব্যান্ড, যা মাঠের ভেতরের নেতৃত্বকে নির্দেশ করছে।
তিনটি সোনালী তারকা ও প্রতীক:
বিমানের মূল কাঠামোর নিচের অংশে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের প্রতীকসহ তিনটি সোনালী তারকা আঁকা হয়েছে, যা আর্জেন্টিনার তিনটি বিশ্বকাপ জয়কে (১৯৭৮, ১৯৮৬ এবং ২০২২) নির্দেশ করে।
বিশ্বকাপ চলাকালীন আর্জেন্টিনা দল মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যানসাস সিটিতে তাদের প্রধান বেস ক্যাম্প স্থাপন করবে। এই বিমানটি খেলোয়াড়দের ক্যানসাস থেকে ডালাসের ম্যাচ ভেন্যুগুলোতে যাতায়াতের মূল দায়িত্ব সামলাবে।
গ্রুপ পর্বে আর্জেন্টিনার ম্যাচ:
**১৭ জুন আলজেরিয়া ক্যানসাস সিটি স্টেডিয়াম (মিসৌরি)
**২২ জুন অস্ট্রিয়া এটিঅ্যান্ডটি স্টেডিয়াম (টেক্সাস)
**২৮ জুন জর্ডান এটিঅ্যান্ডটি স্টেডিয়াম (টেক্সাস)
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি