
বীরভূম, ২৩ মে (হি. স.):- ২০২১ সালের বিধানসভা ভোট-পরবর্তী হিংসার ঘটনায় গ্রেফতার হলেন ময়ূরেশ্বর-২ পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি তথা তৃণমূল নেতা জটিল মন্ডল। শুক্রবার তাঁকে গ্রেফতার করে ময়ূরেশ্বর থানার পুলিশ। শনিবার ধৃতকে রামপুরহাট মহকুমা আদালতে তোলা হলে আদালত ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।পুলিশ সূত্রে খবর, শুক্রবার দুপুরে বিজেপির বোলপুর সাংগঠনিক জেলার যুব সহ-সভাপতি অনঙ্গ দেব মন্ডল ময়ূরেশ্বর থানায় জটিল মন্ডলের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে দাবি করা হয়, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পর এলাকায় সংঘটিত হিংসার ঘটনায় জটিল মন্ডলের প্রত্যক্ষ ভূমিকা ছিল।অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে এবং শুক্রবারই অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। বিজেপির পক্ষ থেকে অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানানো হয়েছে। যদিও তৃণমূল কংগ্রেসের তরফে এখনও পর্যন্ত এই গ্রেফতারি নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনও প্রতিক্রিয়া মেলেনি।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়