
নয়াদিল্লি, ২৩ মে (হি.স.) : ভারত ও কানাডার মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও মজবুত করতে আগামী ২৫ থেকে ২৭ মে কানাডা সফরে যাচ্ছেন কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পিয়ূষ গোয়াল। তাঁর নেতৃত্বে প্রায় ১৫০ জন শিল্পপতি ও ব্যবসায়ী প্রতিনিধির একটি দল এই সফরে অংশ নেবে।
শনিবার কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প মন্ত্রক জানিয়েছে, সফরকালে অটোয়া ও টরন্টোতে কানাডার মন্ত্রী, শিল্পপতি ও বিভিন্ন বাণিজ্য সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন পিয়ূষ গোয়াল। কূটনৈতিক টানাপোড়েনের জেরে থমকে থাকা দ্বিপাক্ষিক বাণিজ্য আলোচনাকে নতুন গতি দিতেই এই উদ্যোগ বলে মনে করা হচ্ছে।
এক সাংবাদিক বৈঠকে পিয়ূষ গোয়াল জানান, ভারত আশা করছে কানাডার সঙ্গে একটি মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) স্বাক্ষরিত হবে। এতে জ্বালানি, গুরুত্বপূর্ণ খনিজ, বস্ত্র ও চামড়া শিল্পের মতো ক্ষেত্রগুলিতে নতুন সুযোগ তৈরি হবে। প্রযুক্তি, খাদ্য প্রক্রিয়াকরণ, পরিচ্ছন্ন জ্বালানি এবং গুরুত্বপূর্ণ খনিজ ক্ষেত্রেও সহযোগিতার উপর জোর দেওয়া হবে।
উল্লেখ্য, চলতি বছরের মার্চ মাসে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির ভারত সফরের সময় দুই দেশ বিস্তৃত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি নিয়ে আলোচনার কাঠামো চূড়ান্ত করতে সম্মত হয়েছিল।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য