
ঝাড়গ্রাম, ২৩ মে (হি.স.) : খড়্গপুর-টাটানগর রেল শাখায় দীর্ঘদিনের ট্রেন সমস্যার সমাধানে উদ্যোগী হলেন বিনপুরের বিজেপি বিধায়ক তথা চিকিৎসক প্রণত টুডু। শনিবার সকালে ঝাড়গ্রাম রেল স্টেশনে স্টেশন ম্যানেজারের সঙ্গে বৈঠক করে একাধিক দাবি তুলে ধরেন তিনি।
বিধায়ক জানান, ট্রেন নির্দিষ্ট সময়ে চালানো, ঝাড়গ্রাম-সাঁতরাগাছি মেমো লোকাল ট্রেন গিধনী পর্যন্ত সম্প্রসারণ এবং একাধিক দূরপাল্লার ট্রেনের ঝাড়গ্রাম স্টেশনে স্টপেজ দেওয়ার দাবি জানানো হয়েছে। পাশাপাশি পুরী-যোগ নগরী ঋষিকেশ উৎকল এক্সপ্রেসেরও ঝাড়গ্রামে স্টপেজের আবেদন করা হয়েছে।
স্থানীয় যাত্রীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই শাখার বহু ট্রেন ঘণ্টার পর ঘণ্টা দেরিতে চলাচল করায় সমস্যায় পড়ছেন নিত্যযাত্রী, ছাত্রছাত্রী, ব্যবসায়ী ও রোগীরা। এই বিষয়গুলি বৈঠকে বিস্তারিতভাবে তুলে ধরা হয় বলে জানান বিধায়ক।
প্রণত টুডু বলেন, “যাত্রীদের সমস্যার বিষয়টি গুরুত্ব সহকারে জানানো হয়েছে। স্টেশন ম্যানেজার ইতিবাচক আশ্বাস দিয়েছেন।”
হিন্দুস্থান সমাচার / গোপেশ মাহাতো