
কলকাতা, ২৩ মে (হি.স.): কলকাতা পুরসভার ১২৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুদীপ পোল্লেকে শনিবার রাতে গ্রেফতার করল পুলিশ। ঠাকুরপুকুর থানা পুলিশ তাঁকে বেহালা এলাকা থেকে হেফাজতে নেয়। এদিনই তাঁর বিরুদ্ধে তোলাবাজির একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছিল।
সুদীপ পোল্লে বেহালা এলাকার অন্যতম প্রভাবশালী তৃণমূল নেতা হিসেবে পরিচিত। তিনি বর্তমানে ১৬ নম্বর বরোর চেয়ারম্যান পদের দায়িত্বেও রয়েছেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযোগ পাওয়ার পরপরই এই মামলার তদন্ত শুরু করা হয়। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা মেলার পরেই পুলিশ সক্রিয় পদক্ষেপ করে সুদীপকে গ্রেফতার করে।
পুলিশ আধিকারিকরা জানিয়েছেন, রবিবার ধৃত কাউন্সিলরকে আদালতে পেশ করা হবে। এই ঘটনার নেপথ্যে আর কী কী বিষয় রয়েছে, তা খতিয়ে দেখতে মামলার পরবর্তী তদন্ত জারি রেখেছে পুলিশ।
হিন্দুস্থান সমাচার / সোনালি