
কলকাতা, ২৩ মে (হি.স.): আগামী ৩০ মে কলকাতায় ‘টিবি মুক্ত ভারত’ কর্মশালার আয়োজন করা হয়েছে। শনিবার এক সাংবাদিক সম্মেলনে এই গুরুত্বপূর্ণ তথ্য জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, চলতি মাসের শেষদিকে এই বিশেষ কর্মশালাটি অনুষ্ঠিত হবে, যেখানে জনস্বাস্থ্য সম্পর্কিত একাধিক বিষয় নিয়ে আলোচনা করা হবে।
এর পাশাপাশি এক বড়সড় জনকল্যাণমূলক কর্মসূচির ঘোষণা করে মুখ্যমন্ত্রী জানান, বিধাননগর মহকুমা হাসপাতালে কিশোরী ও মহিলাদের জন্য জরায়ু মুখের ক্যানসার (সার্ভিক্যাল ক্যানসার) প্রতিরোধী টিকাকরণ (এইচপিভি ভ্যাকসিনেশন) কর্মসূচি দ্রুত শুরু করা হবে।
কেন্দ্র ও রাজ্য সরকারের যৌথ উদ্যোগ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে সরকার গঠনের পর থেকেই কেন্দ্র ও রাজ্য কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে। এই ডাবল ইঞ্জিনের সরকারের নতুন সমীকরণের ফলে জনস্বাস্থ্য ক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়ন সম্ভব হচ্ছে।
শনিবারের এই বৈঠকে মাতৃ ও শিশু স্বাস্থ্য সুরক্ষা, হাম ও রুবেলা নির্মূলীকরণ কর্মসূচি, 'টিবি মুক্ত ভারত' অভিযান এবং ম্যালেরিয়া ও ফাইলেরিয়ার মতো বিভিন্ন মারাত্মক রোগ প্রতিরোধ-সহ জনস্বাস্থ্য সম্পর্কিত একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্প নিয়ে বিশদ ও ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত