
হায়দরাবাদ, ২৩ মে (হি.স.) : তীব্র গরম ও লু-এর প্রভাবে তেলেঙ্গানায় ১৬ জনের মৃত্যু হয়েছে বলে জানাল রাজ্য সরকার। সাতটি পৃথক জেলায় এই মৃত্যুর ঘটনা ঘটেছে। শনিবার রাজ্যের রাজস্বমন্ত্রী পঙ্গুলেটি শ্রীনিবাস রেড্ডি বিষয়টি নিশ্চিত করেছেন।
সরকার মৃতদের পরিবারকে চার লক্ষ টাকা করে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেছে।
সচিবালয়ে এক উচ্চপর্যায়ের পর্যালোচনা বৈঠকে হিটওয়েভ পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। মন্ত্রী জানান, জয়শঙ্কর ভূপালপল্লী জেলায় ৪ জন, ওয়ারাঙ্গল শহর, করিমনগর ও নিজামাবাদে ৩ জন করে এবং জোগুলাম্বা গডওয়াল, রঙ্গারেড্ডি ও সূর্যাপেটে একজন করে মৃত্যু হয়েছে।
মন্ত্রী সংশ্লিষ্ট প্রশাসনকে নির্দেশ দিয়েছেন, যেসব এলাকা ও মণ্ডলে তাপমাত্রা বেশি, সেখানে আগাম সতর্কতা জারি করতে হবে। বাসস্ট্যান্ড, বাজার এবং শ্রমিকদের জমায়েতস্থলে পর্যাপ্ত ঠান্ডা পানীয় জল, ছাঁছ ও ওআরএস প্যাকেট রাখতে হবে।
রাজ্যের মুখ্যমন্ত্রী এ. রেবন্ত রেড্ডি এর আগে নাগরিকদের সকাল ১১টা থেকে বিকেল ৪টার মধ্যে বাইরে না বের হওয়ার পরামর্শ দিয়েছিলেন। বিশেষ করে প্রবীণ, গর্ভবতী নারী, শিশু এবং অসুস্থদের ক্ষেত্রে এই সতর্কতা মেনে চলার অনুরোধ করা হয়েছে।
আবহাওয়া দফতর জানিয়েছে, ২৬ মে পর্যন্ত রাজ্যে এই তীব্র গরম ও লু চলবে বলে আশঙ্কা করা হচ্ছে। একাধিক জেলায় হিটওয়েভ সতর্কতাও জারি করা হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য