
নয়াদিল্লি, ২৩ মে (হি.স.) : মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিও শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎকারে মিলিত হন। এই বৈঠকে রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে প্রধানমন্ত্রী মোদীকে নিকট ভবিষ্যতে হোয়াইট হাউস পরিদর্শনের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান রুবিও।
বৈঠকে দুই নেতার মধ্যে ভারত-আমেরিকা ব্যাপক বিশ্ব কৌশলগত অংশীদারিত্বের অগ্রগতি এবং একাধিক আঞ্চলিক ও বৈশ্বিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রতিরক্ষা, কৌশলগত প্রযুক্তি, বাণিজ্য ও বিনিয়োগ, জ্বালানি নিরাপত্তা, শিক্ষা এবং দুই দেশের জনগণের পারস্পরিক সম্পর্কের মতো বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতার অগ্রগতির খতিয়ান প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন রুবিও। পাশাপাশি পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতি সহ বিভিন্ন আন্তর্জাতিক বিষয়ে আমেরিকার দৃষ্টিভঙ্গিও ভাগ করে নেন তিনি।
বিশ্বের বিভিন্ন প্রান্তের অশান্ত পরিবেশ প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শান্তি প্রচেষ্টার প্রতি ভারতের ধারাবাহিক সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন। তিনি স্পষ্ট ভাষায় জানান, সমস্ত সংঘাতেরই সমাধান আলোচনা এবং কূটনীতির মাধ্যমে হওয়া উচিত। এর পাশাপাশি রাষ্ট্রপতি ট্রাম্পের জন্য নিজের শুভেচ্ছা বার্তা রুবিওর হাতে সঁপে দিয়ে প্রধানমন্ত্রী বলেন যে, তিনি আগামীদিনেও ট্রাম্পের সঙ্গে নিরন্তর সংলাপের অপেক্ষায় রয়েছেন।
বৈঠকের পর প্রধানমন্ত্রী সামাজিক মাধ্যম ‘এক্স’ -এ লেখেন, মার্কিন বিদেশমন্ত্রী রুবিওকে স্বাগত জানাতে পেরে তিনি অত্যন্ত আনন্দিত। ভারত-মার্কিন কৌশলগত অংশীদারিত্বের ধারাবাহিক অগ্রগতি এবং বিশ্ব শান্তি ও নিরাপত্তার মতো বিষয়ে তাঁদের মধ্যে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে। বৈশ্বিক স্বার্থ রক্ষায় ভারত ও আমেরিকা আগামীদিনেও যৌথভাবে কাজ করে যাবে।
অন্যদিকে, ভারতে নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত সার্জিও গোর-ও এই বৈঠক নিয়ে ‘এক্স’ হ্যান্ডেলে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে বৈঠকে মার্কো রুবিওর সঙ্গী হতে পেরে তিনি গর্বিত। নিরাপত্তা, বাণিজ্য এবং গুরুত্বপূর্ণ প্রযুক্তি ক্ষেত্রে সহযোগিতা আরও মজবুত করতে অত্যন্ত অর্থবহ আলোচনা হয়েছে। এই ক্ষেত্রগুলি দুই রাষ্ট্রকেই শক্তিশালী করে এবং একটি স্বাধীন ও মুক্ত ভারত-প্রশান্ত মহাসাগরীয় (ইন্দো-প্যাসিফিক) অঞ্চল গড়ে তুলতে সাহায্য করে। ভারত যে আমেরিকার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশীদার, তা আরও একবার মনে করিয়ে দেন তিনি। অন্য একটি পোস্টে সার্জিও গোর নিশ্চিত করেছেন যে, বিদেশমন্ত্রী রুবিও রাষ্ট্রপতি ট্রাম্পের পক্ষ থেকে প্রধানমন্ত্রী মোদীকে হোয়াইট হাউসে যাওয়ার আমন্ত্রণ জানিয়েছেন।
হিন্দুস্থান সমাচার / সোনালি