
কোচবিহার, ২৩ মে (হি. স.): সীমান্তে কাঁটাতারহীন এলাকায় বেড়া নির্মাণের প্রস্তুতি ঘিরে ফের উত্তেজনা ছড়াল কোচবিহারের তিনবিঘা সীমান্তের কুচলিবাড়ি এলাকায়। অভিযোগ, সীমান্তবর্তী জমিতে মাপজোকের কাজ শুরু হতেই বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবির আপত্তি এবং স্থানীয় একাংশ মানুষের বাধার জেরে অশান্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার থেকেই এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনার সূত্রপাত হয়। বিষয়টি দ্রুত বিএসএফের উচ্চপদস্থ কর্তৃপক্ষকে জানানো হয়। পাশাপাশি এলাকার বিজেপি বিধায়ক ও সাংসদদেরও বিষয়টি অবগত করা হয়।শনিবার সীমান্ত এলাকায় বিএসএফ আধিকারিকদের উপস্থিতিতে দুটি পৃথক ফ্ল্যাগ মিটিং অনুষ্ঠিত হয়। একটি বৈঠক হয় বিএসএফ ও বিজিবির মধ্যে এবং অন্যটি হয় স্থানীয় গ্রামবাসী ও বিজেপি নেতৃত্বকে নিয়ে। বৈঠকে স্থানীয় বাসিন্দাদের একাংশ স্পষ্ট জানিয়ে দেন, সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে কোনও বাধা মানা হবে না। প্রয়োজনে আন্দোলনের পথেও নামার হুঁশিয়ারি দেন তাঁরা।দীর্ঘদিন ধরে ওই এলাকায় কাঁটাতারের বেড়া না থাকায় গরু পাচার, মানব পাচার ও অনুপ্রবেশ বেড়েছে বলে অভিযোগ উঠেছে। প্রশাসন সূত্রে খবর, জমি হস্তান্তরের কাজ শেষ হওয়ার পর খুব শীঘ্রই সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ শুরু হবে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়