
বোলপুর, ২৩ মে (হি.স.) : বীরভূমের শান্তিনিকেতন থানার অন্তর্গত কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েতের আমডহরা গ্রামে তৃণমূলের একটি দলীয় কার্যালয় থেকে প্রচুর পরিমাণে সাদা থান কাপড় উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে তীব্র রাজনৈতিক চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে শাসক দলের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ তুলেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)।
শনিবার স্থানীয় সূত্রে জানা গেছে, আমডহরা অগ্রণী যুব সঙ্ঘের একটি ঘরকে এতদিন তৃণমূল কংগ্রেস জবরদখল করে নিজেদের দলীয় অফিস হিসেবে ব্যবহার করত বলে অভিযোগ। রাজ্যে রাজনৈতিক পটপরিবর্তনের পর দীর্ঘদিন ধরে ওই ক্লাব ঘরটি বন্ধ অবস্থায় পড়ে ছিল। শনিবার সেই বন্ধ অফিসটি খুলতেই ভেতর থেকে স্তূপীকৃত সাদা থান কাপড় উদ্ধার হয়, যা নিয়ে এলাকায় শোরগোল পড়ে যায়।
এই ঘটনা প্রকাশ্যে আসতেই তৃণমূলের বিরুদ্ধে সুর চড়িয়েছেন বিজেপির বোলপুর সাংগঠনিক জেলা সভাপতি শ্যামাপদ মণ্ডল। শাসক দলকে তীব্র আক্রমণ করে তিনি অভিযোগ করেন, ‘রাজ্যে তৃণমূল পুনরায় ক্ষমতায় এলে এই সাদা থান কাপড়গুলি বিজেপি কর্মীদের স্ত্রীদের পরানোর পরিকল্পনা করেছিল।’ অর্থাৎ, নির্বাচনের পর বিজেপি কর্মীদের খুন করে তাঁদের স্ত্রীদের বিধবা করার এক ভয়াবহ চক্রান্তের রূপরেখা তৈরি করা হয়েছিল বলে দাবি গেরুয়া শিবিরের।
বিজেপির এই চাঞ্চল্যকর অভিযোগের পর কঙ্কালীতলা এলাকায় রাজনৈতিক উত্তেজনা নতুন করে বৃদ্ধি পেয়েছে। তবে এই থান কাপড় উদ্ধারের ঘটনা এবং বিজেপির তোলা অভিযোগের প্রেক্ষিতে তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতৃত্বের তরফে এখনও পর্যন্ত কোনও সরকারি প্রতিক্রিয়া বা স্পষ্টীকরণ পাওয়া যায়নি। শান্তিনিকেতন থানার পুলিশ পরিস্থিতির ওপর নজর রাখছে।
হিন্দুস্থান সমাচার / সোনালি