পাথারকান্দিতে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু গাভীর, কাঠগড়ায় স্থানীয় বিদ্যুৎ দফতর
পাথারকান্দি (অসম), ২৩ মে (হি.স.) : পাথারকান্দি বিদ্যুৎ বিভাগের চরম গাফিলতি ও উদাসীনতার মর্মান্তিক খেসারত দিতে হলো পাথারকান্দির দক্ষিণ বিলবাড়ি গ্রামের এক দরিদ্র পরিবারকে। বিদ্যুৎ বিভাগের খামখেয়ালিপনার শিকার হয়ে অসময়ে প্রাণ হারালো গ্রামের সুবর্ণ সিনহ
বিদ্যুৎপৃষ্ট হয়ে দুগ্ধবতী গাভীর মৃত্যু


পাথারকান্দি (অসম), ২৩ মে (হি.স.) : পাথারকান্দি বিদ্যুৎ বিভাগের চরম গাফিলতি ও উদাসীনতার মর্মান্তিক খেসারত দিতে হলো পাথারকান্দির দক্ষিণ বিলবাড়ি গ্রামের এক দরিদ্র পরিবারকে। বিদ্যুৎ বিভাগের খামখেয়ালিপনার শিকার হয়ে অসময়ে প্রাণ হারালো গ্রামের সুবর্ণ সিনহার একটি গৃহপালিত গাভী। এ ঘটনাকে কেন্দ্র করে সমগ্র দক্ষিণ বিলবাড়ি গ্রামে তীব্র ক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ শনিবার বিকালে সুবর্ণ সিনহার গাভীটি গ্রামেরই জমিতে চড়তে গিয়েছিল। বিকালে লোকজন লক্ষ্য করেন, গাভীটি মাঠের এক কোণে পড়ে রয়েছে। পরিবারের সদস্যরা এবং প্রতিবেশীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে দেখেন বিদ্যুৎ পরিবাহী একটি ছিঁড়ে পড়া তারের সংস্পর্শে এসে ঘটনাস্থলেই গাভীটির মৃত্যু হয়েছে। অবলা প্রাণীটির এই মর্মান্তিক পরিণতি দেখে কান্নায় ভেঙে পড়ে সুবর্ণ সিনহার পরিবার।

গ্রামবাসীদের অভিযোগ, এই দুর্ঘটনা কোনও আকস্মিক ঘটনা নয় বরং বিদ্যুৎ বিভাগের চরম দায়িত্বজ্ঞানহীনতারই প্রত্যক্ষ ফলাফল। দক্ষিণ বিলবাড়ি গ্রামের বিস্তীর্ণ এলাকা জুড়ে বিদ্যুতের তার অত্যন্ত বিপজ্জনক ও ঝুলন্ত অবস্থায় রয়েছে। বহু জায়গায় খুঁটি ছাড়াই গাছের ডালপালার ওপর দিয়ে তার নিয়ে যাওয়া হয়েছে, আবার কোথাও কোথাও তারের উপরিভাগের সুরক্ষামূলক আবরণ নষ্ট হয়ে কঙ্কালসার অবস্থা ধারণ করেছে।

ক্ষুব্ধ বাসিন্দারা জানান, গত কয়েক মাস ধরে পাথারকান্দি বিদ্যুৎ কর্তৃপক্ষকে বারবার এই বিপজ্জনক তারগুলোর বিষয়ে অবগত করেলেও কোনও কাজ হয়নি। তাঁদের চরম অবহেলার কারণেই আজ এই অবলা প্রাণীটার প্রাণ যায়।

এই ঘটনার পর বিদ্যুৎ বিভাগের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছেন বিলবাড়ি গ্রামের মানুষ। গ্রামবাসীদের আশঙ্কা, আজ একটি নিরীহ প্রাণীর প্রাণ গেছে। কিন্তু আগামীকাল কোনও অসাবধানী শিশু বা সাধারণ মানুষও এই বিপজ্জনক তারের সংস্পর্শে এসে প্রাণ হারাতে পারেন। গ্রামের সচেতন নাগরিকরা এ বিষয়ে স্থানীয় বিধায়ক কৃষ্ণেন্দু পাল, শ্রীভূমির জেলাশাসক প্রদীপকুমার দ্বিবেদী এবং পাথরকান্দির সার্কল অফিসার অদিতি নুনিসার জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন। তারা অবিলম্বে মৃত গাভীটির জন্য ক্ষতিগ্রস্ত পরিবারকে উপযুক্ত সরকারি ক্ষতিপূরণ প্রদানেরও দাবি জানিয়েছেন। দক্ষিণ বিলবাড়ি গ্রামের সমস্ত ঝুলন্ত ও জরাজীর্ণ বিদ্যুতের তার যুদ্ধকালীন তৎপরতায় সংস্কার করার আহ্বান জানিয়েছেন তারা।

হিন্দুস্থান সমাচার / মনোজিৎ দাস




 

 rajesh pande