
আরামবাগ, ২৩ মে (হি.স.) : গ্রীষ্মকালে ব্লাড ব্যাঙ্কে রক্তের ঘাটতি মেটাতে গুরুলিয়া ভাতশালা সজাগ সংঘের উদ্যোগে শনিবার একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এলাকার বহু স্বেচ্ছাসেবী রক্তদাতা এই শিবিরে অংশগ্রহণ করেন।
শিবিরের উদ্বোধন করেন বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ ডাঃ তপন মণ্ডল। উপস্থিত ছিলেন গোঘাটের বিধায়ক প্রশান্ত দিগার এবং বদনগঞ্জ বিট হাউসের ভারপ্রাপ্ত আধিকারিক প্রীতম দাস। অতিথিরা রক্তদাতাদের উৎসাহিত করার পাশাপাশি তাঁদের সামাজিক দায়বদ্ধতার ভূয়সী প্রশংসা করেন।
বক্তব্য রাখতে গিয়ে অতিথিরা বলেন, রক্তের কোনও কৃত্রিম বিকল্প নেই। দুর্ঘটনা, অস্ত্রোপচার, থ্যালাসেমিয়া ও অন্যান্য জটিল রোগে আক্রান্ত রোগীদের জীবন বাঁচাতে নিয়মিত রক্তদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে গ্রীষ্মকালে রক্তের সংকট দেখা দেওয়ায় এই ধরনের উদ্যোগের গুরুত্ব আরও বেড়ে যায়।
অনুষ্ঠানে অতিথিরা সকল রক্তদাতাকে ধন্যবাদ জানান এবং সুস্থ মানুষদের নিয়মিত রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানান। সজাগ সংঘের এই মানবিক উদ্যোগকে এলাকার মানুষ সাধুবাদ জানিয়েছেন।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA