
আগরতলা, ২৩ মে (হি.স.) : মদ্যপ অবস্থায় বাইক চালিয়ে যাওয়ার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হলেন মহাকরণের জনৈক কর্মী। শনিবার সকালে রাজধানীর ভোলাগিরি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহত কর্মীর নাম কৌশিক মজুমদার। তাঁর বাড়ি আগরতলার গাঙ্গাইল রোড এলাকায় বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী, শনিবার সকালে আকণ্ঠ মদ্যপান করে বাইক নিয়ে যাচ্ছিলেন কৌশিক মজুমদার। ভোলাগিরি এলাকায় পৌঁছাতেই নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাড়ির সঙ্গে তাঁর বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় তিনি রাস্তায় ছিটকে পড়ে গুরুতরভাবে আহত হন।
ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত খবর দেন এনসিসি ফায়ার সার্ভিসে। খবর পেয়ে দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহত কৌশিক মজুমদারকে উদ্ধার করে দ্রুত জিবিপি হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
এদিন জিবিপি হাসপাতালে এনসিসি ফায়ার স্টেশনের জনৈক দমকল আধিকারিক জানান, আহত যুবকের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লেগেছে। তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলেও সূত্রের খবর।
অন্যদিকে, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় এনসিসি থানার পুলিশ। পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে। দুর্ঘটনার সঙ্গে জড়িত গাড়িটিকে শনাক্ত ও আটক করার চেষ্টা চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর বিপজ্জনক পরিণতি নিয়ে ফের প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ