
আগরতলা, ২৩ মে (হি.স.) : দেশজুড়ে ফের বৃদ্ধি পেল পেট্রোল এবং ডিজেলের দাম। মাত্র ১০ দিনের ব্যবধানে তৃতীয়বার জ্বালানির মূল্যবৃদ্ধিতে উদ্বেগ ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে। শনিবার থেকে কার্যকর হওয়া নতুন দরে পেট্রোলের দাম লিটার প্রতি ৮৭ পয়সা এবং ডিজেলের দাম ৮৮ পয়সা বেড়েছে। এর ফলে রাজ্যের বিভিন্ন পেট্রোল পাম্পে পেট্রোলের দাম দাঁড়িয়েছে লিটার প্রতি ১০২ টাকা ২৯ পয়সা এবং ডিজেলের দাম ৯১ টাকা ২৩ পয়সা।
রাজধানী আগরতলায় এক পেট্রোল পাম্পের কর্মকর্তা জানান, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের মূল্য বৃদ্ধির প্রভাবেই এই মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষ করে দক্ষিণ এশিয়ায় চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে আন্তর্জাতিক বাজারে তেলের সরবরাহ এবং পরিবহণ ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এর জেরেই ক্রমাগত বাড়ছে অপরিশোধিত তেলের দাম, যার সরাসরি প্রভাব পড়ছে দেশের জ্বালানি বাজারে।
গত কয়েকদিন ধরেই ধাপে ধাপে পেট্রোল ও ডিজেলের দাম বাড়তে থাকায় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে। প্রতিদিন কর্মস্থলে যাতায়াতকারী মানুষ থেকে শুরু করে পরিবহণ ব্যবসার সঙ্গে যুক্তদের খরচ অনেকটাই বেড়ে গিয়েছে। অটো ও পণ্যবাহী গাড়ির চালকরাও জানিয়েছেন, জ্বালানির মূল্যবৃদ্ধির ফলে তাঁদের আয় কমে যাচ্ছে এবং বাড়তি খরচ সামলাতে হিমশিম খেতে হচ্ছে।
ব্যবসায়ী মহলের আশঙ্কা, জ্বালানির মূল্যবৃদ্ধির সরাসরি প্রভাব পড়বে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারেও। কারণ পরিবহণ খরচ বাড়লে সবজি, মাছ, মাংস, চাল-ডাল থেকে শুরু করে অন্যান্য ভোগ্যপণ্যের দামও বাড়তে পারে। এতে সাধারণ ও মধ্যবিত্ত মানুষের সংসারের ব্যয় আরও বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
এদিকে বিরোধী রাজনৈতিক দলগুলিও জ্বালানির লাগামছাড়া মূল্যবৃদ্ধি নিয়ে কেন্দ্রের সমালোচনায় সরব হয়েছে। তাদের দাবি, আন্তর্জাতিক বাজারের অজুহাতে সাধারণ মানুষের উপর অতিরিক্ত আর্থিক চাপ সৃষ্টি করা হচ্ছে। অন্যদিকে অর্থনৈতিক মহলের একাংশের মতে, আন্তর্জাতিক পরিস্থিতি স্বাভাবিক না হলে আগামী দিনেও জ্বালানির দাম আরও বাড়তে পারে।
ক্রমাগত মূল্যবৃদ্ধির ফলে রাজ্যবাসীর মধ্যে উদ্বেগ বাড়ছে। বিশেষ করে পরিবহণ খরচ ও বাজারদরের উপর এর প্রভাব নিয়ে এখন থেকেই চিন্তিত সাধারণ মানুষ।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ