
কলকাতা, ২৩ মে (হি. স.) : সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনের প্রধান প্রবেশদ্বারের সামনে থাকা একটি মূর্তি ভেঙে ফেলা হল। শনিবার সকালে কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ) -র পক্ষ থেকে বুলডোজার এনে মূর্তিটি ভেঙে ফেলার কাজ সম্পন্ন করা হয়।
ক্রীড়াক্ষেত্রের পরিকাঠামোগত উন্নয়ন ও সৌন্দর্যায়নের স্বার্থেই যে এই পদক্ষেপ, তা আগেই স্পষ্ট করা হয়েছিল। রাজ্যের ক্রীড়ামন্ত্রী নিশিথ প্রামাণিক আগেই জানিয়েছিলেন যে, যুবভারতী স্টেডিয়ামের সামনের এই মূর্তিটি সরিয়ে বা ভেঙে ফেলা হবে। মন্ত্রীর সেই ঘোষণার পরদিনই কেএমডিএ-র তরফে এই প্রক্রিয়া চালানো হল। এদিন সকালে এই আকস্মিক পদক্ষেপকে কেন্দ্রে করে স্টেডিয়াম চত্বরে ক্রীড়ামোদি ও পথচারীদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।
মূলত, স্টেডিয়ামের প্রধান গেটের মুখে এই মূর্তিটি থাকার কারণে অনেক সময় ভিড়ের দিনে যান চলাচল এবং সাধারণ মানুষের যাতায়াতে সমস্যা তৈরি হতো। সেই কারণেই এই পরিকাঠামো পরিবর্তনের সিদ্ধান্ত।কেএমডিএ সূত্রে জানা গেছে, মূর্তিটি ভেঙে ফেলার পর ওই নির্দিষ্ট জায়গাটি পরিষ্কার করে সেখানে নতুন করে সৌন্দর্যায়ন এবং রাস্তা চওড়া করার কাজ দ্রুত শুরু করা হবে।
হিন্দুস্থান সমাচার / সোনালি