
আগরতলা, ২৩ মে (হি.স.) : ‘এক ভারত শ্রেষ্ঠ ভারত’ উদ্যোগের অধীনে আয়োজিত ‘যুব সঙ্গম’ কর্মসূচির ষষ্ঠ পর্বে অংশ নিতে হরিয়ানা থেকে আগত একদল শিক্ষার্থী শনিবার ত্রিপুরা সফরে এসে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। রাজধানী আগরতলায় লোক ভবনে অনুষ্ঠিত এই সাক্ষাৎপর্বে শিক্ষার্থীরা ত্রিপুরা সফরের বিভিন্ন অভিজ্ঞতা তুলে ধরেন এবং রাজ্যের সংস্কৃতি, ঐতিহ্য ও মানুষের আতিথেয়তায় মুগ্ধতার কথা জানান।
জানা গেছে, কেন্দ্রীয় সরকারের ‘এক ভারত শ্রেষ্ঠ ভারত’ কর্মসূচির অংশ হিসেবে দেশের বিভিন্ন রাজ্যের শিক্ষার্থী ও যুবসমাজের মধ্যে সাংস্কৃতিক বিনিময়, পারস্পরিক বোঝাপড়া এবং জাতীয় সংহতি সুদৃঢ় করার লক্ষ্যেই ‘যুব সঙ্গম’ কর্মসূচি আয়োজন করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় হরিয়ানার শিক্ষার্থীদের এই ত্রিপুরা সফরের আয়োজন করা হয়েছে এনআইটি কুরুক্ষেত্র এবং এনআইটি আগরতলার যৌথ উদ্যোগে।
সাক্ষাৎকালে রাজ্যপাল শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ভারতের বৈচিত্র্যের মধ্যেই রয়েছে প্রকৃত শক্তি। বিভিন্ন রাজ্যের সংস্কৃতি, ভাষা ও ঐতিহ্য সম্পর্কে জানার মাধ্যমে দেশের ঐক্য আরও সুদৃঢ় হয়। তিনি শিক্ষার্থীদের ত্রিপুরার সমৃদ্ধ সংস্কৃতি, ঐতিহ্য, প্রাকৃতিক সৌন্দর্য এবং জীবনধারা সম্পর্কে প্রত্যক্ষ অভিজ্ঞতা অর্জনের আহ্বান জানান।
শিক্ষার্থীরা জানান, ত্রিপুরার প্রাকৃতিক পরিবেশ, ঐতিহাসিক নিদর্শন, স্থানীয় সংস্কৃতি এবং মানুষের আন্তরিক ব্যবহার তাঁদের গভীরভাবে আকৃষ্ট করেছে। সফরের মাধ্যমে তাঁরা উত্তর-পূর্ব ভারতের ঐতিহ্য ও সামাজিক বৈচিত্র্য সম্পর্কে নতুন অভিজ্ঞতা অর্জনের সুযোগ পেয়েছেন।
এই সৌজন্য সাক্ষাৎকারে উপস্থিত ছিলেন এনআইটি আগরতলার অধিকর্তা প্রফেসর শরৎ কুমার পাত্র সহ এনআইটি কুরুক্ষেত্র এবং এনআইটি আগরতলার অন্যান্য অধ্যাপক ও ফ্যাকাল্টি সদস্যরা।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ