
কলকাতা, ২৩ মে (হি.স.):রাজ্যে রাজনৈতিক পটপরিবর্তনের পর ২০২১ সালের বিধানসভা নির্বাচন পরবর্তী হিংসার ঘটনায় তৎপরতা শুরু করেছে পুলিশ। সেই সময়কার হিংসায় উস্কানি দেওয়ার অভিযোগে দায়ের হওয়া মামলায় শনিবার কলকাতার গড়িয়াহাট থানায় হাজিরা দিলেন টলিউডের প্রথম সারির অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন থানায় তদন্তকারী আধিকারিকরা তাঁকে প্রায় এক ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশের দিন অর্থাৎ ২ মে নিজের ফেসবুক প্রোফাইলে একটি পোস্ট করেছিলেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। সেই পোস্টে একটি মন্তব্য (কমেন্ট) করেছিলেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। ২০২৬ সালে রাজ্যে ক্ষমতা বদলের পর সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় পরমব্রতর সেই পুরোনো পোস্ট এবং স্বস্তিকার করা মন্তব্যের স্ক্রিনশট নতুন করে ভাইরাল হতে শুরু করে।
তারই ভিত্তিতে গত বৃহস্পতিবার, ২১ মে গড়িয়াহাট থানায় দুই তারকার বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন আইনজীবী জয়দীপ সেন। তাঁর অভিযোগ ছিল, নির্বাচনের পর সোশ্যাল মিডিয়ায় করা ওই মন্তব্যগুলি রাজ্যে হিংসাত্মক পরিবেশ তৈরি করতে এবং উস্কানি দিতে সাহায্য করেছিল।
শনিবার সেই অভিযোগের তদন্ত প্রক্রিয়ায় অংশ নিতেই গড়িয়াহাট থানায় আসেন স্বস্তিকা মুখোপাধ্যায়। তবে থানা থেকে বেরোনোর পর ঠিক কী বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, সে ব্যাপারে অভিনেত্রীর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পুলিশ সূত্রে খবর, এই একই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়কেও তলব করা হতে পারে।
হিন্দুস্থান সমাচার / সোনালি