পেঁচারথলে বজ্রাঘাতে প্রাণ হারালেন দুই ভাইবোন
পেঁচারথল (ত্রিপুরা), ২৩ মে (হি.স.) : প্রকৃতির এক নির্মম রূপ যেন মুহূর্তের মধ্যেই ছিন্নভিন্ন করে দিল একটি সুখী পরিবারের স্বপ্ন। শনিবার দুপুরে উনাকোটি জেলার পেঁচারথল থানার অন্তর্গত নবীনছেড়া এলাকায় প্রবল বৃষ্টি ও বজ্রঝড়ের মধ্যে বজ্রপাতে মর্মান্তিকভা
মৃত্যু


পেঁচারথল (ত্রিপুরা), ২৩ মে (হি.স.) : প্রকৃতির এক নির্মম রূপ যেন মুহূর্তের মধ্যেই ছিন্নভিন্ন করে দিল একটি সুখী পরিবারের স্বপ্ন। শনিবার দুপুরে উনাকোটি জেলার পেঁচারথল থানার অন্তর্গত নবীনছেড়া এলাকায় প্রবল বৃষ্টি ও বজ্রঝড়ের মধ্যে বজ্রপাতে মর্মান্তিকভাবে প্রাণ হারালেন দুই ভাইবোন। মৃতরা হলেন সুমন্ত চাকমা (৩০) এবং তাঁর ছোট বোন মিনা চাকমা (২৭)। এই হৃদয়বিদারক ঘটনায় গোটা এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুর থেকেই আকাশ কালো মেঘে ঢেকে যায়। শুরু হয় প্রবল বর্ষণ ও একের পর এক বজ্রপাত। আতঙ্কে মানুষজন ঘরের ভেতর আশ্রয় নিলেও, দুর্ভাগ্য এড়াতে পারেননি সুমন্ত চাকমা ও মিনা চাকমা। ঘটনাক্রমে তাঁরা নিজেদের বাড়ির ভেতরেই ছিলেন। আচমকাই বিকট শব্দে বজ্রপাত আঘাত হানে বাড়ির উপর। মুহূর্তের মধ্যে গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন ভাইবোন দু'জন।

পরিবারের সদস্যরা ছুটে এসে তাঁদের উদ্ধার করে দ্রুত নিকটবর্তী হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসকদের সমস্ত চেষ্টা ব্যর্থ করে দিয়ে দুই ভাইবোনকেই মৃত ঘোষণা করা হয়। হাসপাতাল চত্বরে তখন কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ।

স্থানীয় বাসিন্দারা জানান, সুমন্ত চাকমা ও মিনা চাকমা অত্যন্ত শান্ত ও ভদ্র স্বভাবের ছিলেন। এলাকায় সকলের সঙ্গে তাঁদের আন্তরিক সম্পর্ক ছিল। একসঙ্গে দুই সন্তানের মৃত্যু মেনে নিতে পারছেন না বাবা-মা ও আত্মীয়স্বজনরা। প্রতিবেশীদের অনেককেই চোখের জল ফেলতে দেখা গেছে। কেউই ভাবতে পারছেন না, কয়েক মুহূর্ত আগেও যারা পরিবারের সঙ্গে হাসি-আনন্দে ছিলেন, তাঁরা আজ নিথর দেহ হয়ে ফিরলেন।

এদিকে, বজ্রপাতের আরেকটি পৃথক ঘটনায় শুক্রবার কমলপুরের মেথির মিয়া গ্রামে প্রাণ হারান জনৈক কৃষক। মৃতের নাম সুশীল দাস। জানা গেছে, প্রবল বৃষ্টির মধ্যেই মাঠে থাকা গরুগুলো বাড়ি ফিরিয়ে আনতে গিয়েছিলেন তিনি। সেই সময় আচমকা বজ্রপাতে গুরুতর আহত হন। পরে তাঁর মৃত্যু হয়। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির মৃত্যুতে পরিবারটি এখন অসহায় অবস্থার মুখোমুখি।

ক্রমাগত বজ্রপাতের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। প্রশাসনের পক্ষ থেকে খারাপ আবহাওয়ায় অপ্রয়োজনীয়ভাবে বাইরে না বেরোনোর আবেদন জানানো হয়েছে। তবে প্রকৃতির এই আকস্মিক তাণ্ডবে দুই পরিবারের যে অপূরণীয় ক্ষতি হল, তা কোনোভাবেই পূরণ হওয়ার নয়।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande