
আরামবাগ, ২৩ মে (হি.স.) : রেল প্রকল্পকে কেন্দ্র করে একসময় রাজ্য ও জাতীয় স্তরে আলোচনায় উঠে আসা ভাবাদিঘিতে শনিবার বিজেপির বিশাল বিজয় মিছিল অনুষ্ঠিত হল। বাংলার রাজনৈতিক পালাবদলের পর বিজেপির ক্ষমতায় আসাকে ঘিরে এলাকায় উৎসবের আবহ তৈরি হয়।
গেরুয়া পতাকা, আবির ও দলীয় স্লোগানে মুখর হয়ে ওঠে গোটা ভাবাদিঘি এলাকা। মিছিলে ৮ থেকে ৮০ বছরের বহু পুরুষ ও মহিলা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। বিশেষ করে মহিলা কর্মী-সমর্থকদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।
স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, দীর্ঘদিনের দুর্নীতি, সন্ত্রাস ও বঞ্চনার বিরুদ্ধে মানুষ রায় দিয়েছে। সেই জনসমর্থনের প্রতিফলনই এদিনের বিজয় মিছিলে দেখা গিয়েছে।
স্থানীয়দের একাংশের মতে, ভাবাদিঘিতে রেল প্রকল্প বাস্তবায়নের ফলে এলাকার উন্নয়নের নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। সেই আবেগ ও পরিবর্তনের বার্তাকেই সামনে রেখে এদিনের মিছিল কার্যত জনজোয়ারে পরিণত হয়।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA