
হায়দরাবাদ, ২৪ মে (হি.স.): অসহ্য গরমে নাজেহাল অবস্থা তেলেঙ্গানায়। রাজ্যের ৭টি জেলায় গরম ও তাপপ্রবাহে মৃত্যু হয়েছে ১৬ জনের। মৃতদের পরিবারপিছু ৪ লক্ষ টাকা করে আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা করেছে তেলেঙ্গানা সরকার। রবিবার তেলেঙ্গানা সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজ্যের ৭টি জেলা জুড়ে হিটস্ট্রোকে ১৬ জনের মৃত্যু হয়েছে। তেলেঙ্গানা সরকার মৃতদের পরিবারকে ৪ লক্ষ টাকা করে এককালীন ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেছে। রাজ্য জুড়ে তাপপ্রবাহের অবনতিশীল পরিস্থিতি নিয়ে রাজস্ব, আবাসন, তথ্য ও জনসংযোগ মন্ত্রী পোঙ্গুলেটি শ্রীনিবাস রেড্ডি শনিবার সচিবালয়ে ঊর্ধ্বতন কর্তাদের সঙ্গে একটি জরুরি পর্যালোচনা বৈঠক করেছেন। প্রবীণ নাগরিক, গর্ভবতী মহিলা, শিশু এবং স্বাস্থ্যগত সমস্যায় থাকা ব্যক্তিদের জন্য বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। অত্যন্ত জরুরি প্রয়োজন ছাড়া সকাল ১১টা থেকে বিকেল ৪টার মধ্যে বাইরে বের না হওয়ার জন্য জনগণকে অনুরোধ করা হয়েছে। মন্ত্রী গ্রাম ও শহর জুড়ে পাখি এবং পশুদের জন্য জলের ব্যবস্থা করারও আহ্বান জানিয়েছেন। আইএমডি হায়দরাবাদ, রাঙ্গারেড্ডি, করিমনগর, খাম্মাম, নালগোন্ডা, সূর্যপেট, মুলুগু, মাহবুবনগর এবং অন্যান্য জেলাগুলিতে ২৬ মে পর্যন্ত তীব্র তাপপ্রবাহ অব্যাহত থাকার বিষয়ে সতর্ক করেছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ