২০২৬ বিশ্বকাপ গ্রুপপর্ব: জমে উঠবে শুরু থেকেই, চোখ রাখুন এই ম্যাচগুলোতে
বিশ্বকাপের গ্রুপ পর্ব মানেই শুধু আনুষ্ঠানিকতা নয়, এটি এমন এক সিরিজ ম্যাচ, যেখানে লুকিয়ে থাকে ইতিহাসের ছাপ, কৌশলগত লড়াই এবং ব্যক্তিগত নৈপুণ্যের ঝলক। এসব ম্যাচই অনেক সময় পুরো টুর্নামেন্টের গতিপথ নির্ধারণ করে দেয়। ২০২৬ বিশ্বকাপের গ্রুপ পর্বেও এমন কিছু
২০২৬ বিশ্বকাপ গ্রুপপর্ব: জমে উঠবে শুরু থেকেই, চোখ রাখুন এই ম্যাচগুলোতে


বিশ্বকাপের গ্রুপ পর্ব মানেই শুধু আনুষ্ঠানিকতা নয়, এটি এমন এক সিরিজ ম্যাচ, যেখানে লুকিয়ে থাকে ইতিহাসের ছাপ, কৌশলগত লড়াই এবং ব্যক্তিগত নৈপুণ্যের ঝলক। এসব ম্যাচই অনেক সময় পুরো টুর্নামেন্টের গতিপথ নির্ধারণ করে দেয়। ২০২৬ বিশ্বকাপের গ্রুপ পর্বেও এমন কিছুর অপেক্ষায় ক্রীড়া বিশ্ব। এই ধারাবাহিকে আজ থাকছে ব্রাজিল আর মরক্কোর ম্যাচ।

কলকাতা, ২৪মে(হি.স.):

ব্রাজিল বনাম মরক্কো: আফ্রিকান শৃঙ্খলার সামনে ব্রাজিলের সৃজনশীলতার পরীক্ষা

ব্রাজিল বনাম মরক্কো এই লড়াই কেবল দুই মহাদেশের ফুটবল লড়াই নয়, বরং দুই ভিন্ন দর্শনের মুখোমুখি অবস্থান। একদিকে ব্রাজিলের ব্যক্তিগত নৈপুণ্য, আক্রমণাত্মক বৈচিত্র্য এবং চোখধাঁধানো ফুটবলের প্রত্যাশা আর অন্যদিকে মরক্কোর সংগঠিত রক্ষণভিত্তিক কাঠামো এবং সমষ্টিগত শৃঙ্খলা, যা সাম্প্রতিক আন্তর্জাতিক আসরগুলোতে তাদের শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

ব্রাজিল সব সময়ই ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে রেখে আক্রমণে যায়। উইংয়ের গতি, মাঝমাঠের সৃজনশীলতা এবং ব্যক্তিগত দক্ষতার ওপর নির্ভর করে তারা প্রতিপক্ষের রক্ষণভাগ ভাঙতে চায়। তাদের লক্ষ্য থাকে দ্রুত ম্যাচের ছন্দ নিজেদের দিকে নিয়ে যাওয়া।

অন্যদিকে গত ২০২২ সালে কাতার বিশ্বকাপের সেমিফাইনালে ওঠা মরক্কো দল পরিচিত তাদের দৃঢ় রক্ষণব্যবস্থা, সংগঠিত খেলা এবং দলগত বোঝাপড়ার জন্য। সাম্প্রতিক সময়ে বড় দলগুলোর বিপক্ষে চমক দেখানোর সক্ষমতা তাদের আত্মবিশ্বাস আরও বাড়িয়েছে। তারা প্রতিপক্ষকে জায়গা না দেওয়ার পাশাপাশি দ্রুত পাল্টা আক্রমণে সুযোগ খোঁজে। এবারও মরক্কো চাইবে গত বিশ্বকাপের সাফল্যটাকে ধরে রেখে আরো উপরের দিকে উঠতে।

বলা যায়, এই ম্যাচের মূল আকর্ষণ দুই ভিন্ন ফুটবল দর্শনের মধ্যকার সংঘর্ষ। দক্ষিণ আমেরিকার সৃজনশীলতা কি আফ্রিকান শৃঙ্খলার দেয়াল ভাঙতে পারবে? সেই উত্তর খুঁজে পেতে ফুটবল অনুরাগীদের অপেক্ষা করতে হবে আগামী ১৪ জুন পর্যন্ত।

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande