অসম-কন্যা, রাজ্যের প্রথম মহিলা রূপামণি গোড়ের এভারেস্ট জয়, গর্বিত মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব
গুয়াহাটি, ২৪ মে (হি.স.) : অসমের লখিমপুর জেলার অন্তর্গত নগাঁওপথার গ্রামের ২৬ বছর বয়সি রূপামণি গোড় সফলভাবে মাউন্ট এভারেস্ট আরোহণ করে রাজ্যের প্রথম মহিলা হিসেবে এই কৃতিত্ব অর্জন করেছেন, জানিয়েছে ‘আসাম মাউন্টইনারিং অ্যাসোসিয়েশন’। এক বিবৃতিতে অ্যাসোস
এভারেস্ট জয়ী অসম-কন্যা রূপামণি গোড়


গুয়াহাটি, ২৪ মে (হি.স.) : অসমের লখিমপুর জেলার অন্তর্গত নগাঁওপথার গ্রামের ২৬ বছর বয়সি রূপামণি গোড় সফলভাবে মাউন্ট এভারেস্ট আরোহণ করে রাজ্যের প্রথম মহিলা হিসেবে এই কৃতিত্ব অর্জন করেছেন, জানিয়েছে ‘আসাম মাউন্টইনারিং অ্যাসোসিয়েশন’। এক বিবৃতিতে অ্যাসোসিয়েশন জানিয়েছে, রূপামণি গোড় ইন্দো-টিবেটান বর্ডার পুলিশের ১১ সদস্যের মহিলা দলের অংশ ছিলেন। তাঁরা ২১ মে ভোরের দিকে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ জয় করতে সক্ষম হয়েছেন। রূপামণির ঐতিহাসিক এই সাফল্যকে রাজ্যের গর্ব বলে অভিহিত করেছেন মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা।

এই অভিযানের নেতৃত্ব দিয়েছেন গুয়াহাটির নারিকলবাড়ির বাসিন্দা আসাম মাউন্টইনারিং অ্যাসোসিয়েশন-এর অভিজ্ঞ সদস্য ডেপুটি কমান্ড্যান্ট ভনিতা তিমুংপি। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের ‘নারী শক্তি বন্দন’ কর্মসূচির অধীনে অভিযানের আয়োজন করা হয়েছিল।

কৃষক পরিবারের সন্তান রূপামণি লীলাবাড়িতে সাধারণ পরিবেশে বড় হয়ে ওঠেন। তাঁর বাবা জয়সিং গোড় কৃষিকাজের সঙ্গে যুক্ত এবং মা কমলাবতী একজন আঙ্গনওয়াড়ি সহায়িকা হিসেবে কাজ করেন। কলা বিভাগে স্নাতক রূপামণি ২০২০ সালে ইন্দো-টিবেটান বর্ডার পুলিশে যোগ দেন। শৈশবের অ্যাডভেঞ্চার ও পর্বতারোহণের স্বপ্নকে তিনি বাস্তবে পরিণত করেছেন।

রাজ্যজুড়ে মানুষ রূপামণি ও ভনিতাকে অভিনন্দন জানিয়েছেন। অনেকেই এই সাফল্যকে অসমের জন্য ঐতিহাসিক মুহূর্ত এবং তরুণীদের জন্য অনুপ্রেরণা হিসেবে বর্ণনা করেছেন। মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা তাঁর সামাজিক মাধ্যম এক্স-এ বলেছেন, রূপামণির এই ঐতিহাসিক সাফল্যে গর্বিত রাজ্য।

মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘অসমের কন্যা বিশ্বের শীর্ষে পৌঁছে গেছে। ইন্দো-টিবেটান বর্ডার পুলিশের মহিলা অভিযাত্রী দলের অংশ হিসেবে মাউন্ট এভারেস্ট জয় করে অসমের প্রথম নারী হয়েছেন রূপামণি গোড়, তাঁকে আন্তরিক অভিনন্দন।’

তিনি আরও লিখেছেন, ‘তাঁর এই ঐতিহাসিক কৃতিত্ব অসমের জন্য অত্যন্ত গর্বের মুহূর্ত এবং আমাদের যুবসমাজকে বড় স্বপ্ন দেখতে ও নতুন উচ্চতা জয় করতে অনুপ্রাণিত করবে।’

রজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী বিধায়ক সামাজিক মাধ্যমে বলেছেন, ‘অসমের জন্য এটি এক পরম গর্বের মুহূর্ত, কারণ লখিমপুরের রুপামণি গোড় রাজ্যের প্রথম মহিলা হিসেবে মাউন্ট এভারেস্ট আরোহণ করে ইতিহাস সৃষ্টি করেছেন। আইটিবিপি (ইন্দো-টিবেটান বর্ডার পুলিশে)-র মহিলা অভিযাত্রী দলের সাথে তাঁর এই অসাধারণ কৃতিত্ব অসমের কন্যাদের সাহস, সংকল্প এবং অসীম চেতনার এক অনুপ্রেরণামূলক দৃষ্টান্ত হয়ে উঠেছে।’

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande