
বার্সিলোনা, ২৪ মে(হি.স.): ইউরোপিয়ান মহিলা ফুটবলে নিজেদের আধিপত্য আরও একবার প্রমাণ করল বার্সিলোনা। ইভা পায়োর ও সালমা পারালুয়েলোর জোড়া গোলে অলিম্পিক লিওঁকে ৪-০ ব্যবধানে উড়িয়ে দিয়ে ইতিহাসের চতুর্থ মহিলা চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতে নিয়েছে কাতালান জায়ান্টরা।
শনিবার (২৩ মে) নরওয়ের উলেভাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে প্রথমার্ধে লিওঁর দাপট সামলাতে বেশ হিমসিম খেতে হয়েছে বার্সাকে। তবে বিরতির পর চিত্রটাই বদলে যায়। দুর্দান্ত আক্রমণাত্মক ফুটবল খেলে ফরাসি পরাশক্তিকে গুঁড়িয়ে দেয় স্প্যানিশরা।
এই জয়ে মহিলা চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের আধিপত্য আরও দৃঢ় করল বার্সিলোনা। আর ইউরোপিয়ান মহিলা ফুটবলের নতুন শক্তি হিসেবে তাদের উত্থান যে এখন পূর্ণতা পেয়েছে, সেটিও আবারও স্পষ্ট হলো এই ফাইনালে।
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি