
ফলতা, ২৪ মে (হি.স.): এক লক্ষ ৯ হাজারেরও বেশি ভোটে ফলতায় জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী। ২২ রাউন্ড গণনার শেষে ওই কেন্দ্রের বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডা ১ লক্ষ ৯ হাজার ২১ ভোটে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী শম্ভুনাথ কুড়মিকে পরাজিত করেছেন। বিজেপি প্রার্থী পেয়েছেন ১ লক্ষ ৪৯ হাজার ৬৬৬টি ভোট। সিপিএম প্রার্থী পেয়েছেন ৪০ হাজার ৬৪৫টি ভোট। তৃতীয় স্থানে থাকা কংগ্রেস প্রার্থী আব্দুর রেজ্জাক মোল্লা পেয়েছেন ১০ হাজার ৮৪টি ভোট।
২২ রাউন্ড গণনার শেষে মাত্র ৭৭৮৩টি ভোট পেয়ে চতুর্থ স্থানে রইলেন জাহাঙ্গির খান। নির্বাচনের আগে, প্রচারের শেষ দিনেই অবশ্য ভোটের লড়াই থেকে নিজেকে সরিয়ে নেওয়ার কথা জানিয়েছিলেন জাহাঙ্গির।
এছাড়াও, দুই নির্দল প্রার্থী চন্দ্রকান্ত রায় ও দীপ হাটি যথাক্রমে পেয়েছেন ৯৮৩ ও ২৪৭টি ভোট| আর নোটায় ভোট পড়েছে ৭৮৪টি|
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ