
কলকাতা, ২৪ মে (হি. স.) : ফলতার পুনর্নির্বাচনে মানুষের রায়কে “বিনম্র চিত্তে” মেনে নেওয়ার কথা জানাল প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। ভোটের ফল প্রকাশের পর রবিবার এক বিবৃতিতে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার বলেন, “গণতন্ত্রে জনতাই সর্বশক্তিমান। ফালতাবাসীর এই সিদ্ধান্তকে ভারতীয় জাতীয় কংগ্রেস সম্পূর্ণ শ্রদ্ধা ও মর্যাদার সঙ্গে গ্রহণ করছে।”
বিবৃতিতে কংগ্রেস নেতৃত্ব স্পষ্ট করেছে, ফলতার মানুষের সুখ-দুঃখ, আন্দোলন ও উন্নয়নের প্রশ্নে তারা অতীতেও পাশে ছিল, ভবিষ্যতেও থাকবে। একই সঙ্গে ভোটের ফলাফলকে দলের কাছে “আত্মসমীক্ষার দর্পণ” বলেও উল্লেখ করা হয়েছে। শুভঙ্করবাবুর কথায়, সংগঠনের কাজে কোথায় ঘাটতি বা ত্রুটি থেকে গিয়েছে, তা নিয়ে দলের প্রতিটি স্তরে আত্মমন্থন শুরু হয়েছে।
পাশাপাশি, রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে সরব হয়েছে কংগ্রেস। বিবৃতিতে অভিযোগ করা হয়েছে, ধর্মীয় মেরুকরণের রাজনীতি সমাজকে ক্রমশ বিভক্ত করছে। একদিকে হিন্দু ভোটকে একজোট করার চেষ্টা চলছে, অন্যদিকে নির্দিষ্ট সম্প্রদায়ভিত্তিক ভোটব্যাঙ্ক তৈরির রাজনীতি জোরদার হচ্ছে বলেও দাবি করেছে দল।
এই আবহে নিজেদের অবস্থান স্পষ্ট করে কংগ্রেস জানিয়েছে, তারা কোনও বিশেষ ধর্ম ভিত্তিক রাজনীতি করে না এবং ভবিষ্যতেও করবে না। দলের দাবি, ধর্মনিরপেক্ষতা, সামাজিক ন্যায় এবং সার্বিক উন্নয়নের পথেই তারা আস্থা রাখে। বিবৃতিতে আরও বলা হয়েছে, “এই ভারতবর্ষে সকল ধর্ম ও সকল মানুষের সমান অধিকারের কথা যদি কেউ আজও বুক চিতিয়ে বলতে পারে, তবে সে একমাত্র ভারতের জাতীয় কংগ্রেস।”
শেষে আবারও জনগণের রায়কে “শিরোধার্য” বলে উল্লেখ করে ফলতার মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে প্রদেশ কংগ্রেস নেতৃত্ব।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত