

শিলচর (অসম), ২৪ মে (হি.স.) : ড. শ্যামাপ্রসাদ মুখার্জির নামে গুয়াহাটিতে একটি ফ্লাইওভারের নামাকরণ করায় মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করেছে উত্তরপূর্ব ভিত্তিক সিভিল সোসাইটি ড. শ্যামাপ্রসাদ মুখার্জি মেমোরিয়াল স্বার্থ সুরক্ষা পরিষদ।
মুখ্যমন্ত্রী ড. শর্মার কাছে প্রেরিত এক ই-মেইলে পরিষদের সভাপতি ড. হারাণ দে তাঁকে ধন্যবাদ জানিয়ে বলেন, অসমের ভাষা-সংস্কৃতির উন্নয়নে ড. শ্যামাপ্রসাদ মুখার্জির অবদান অনস্বীকার্য। এছাড়া দেশের সার্বিক উন্নয়নে ড. মুখার্জির অবদান চিরস্মরণীয় হয়ে রয়েছে।
ড. শ্যামাপ্রসাদের প্রতি সম্মান জানানোয় মুখ্যমন্ত্রীর এই প্রয়াস ভবিষ্যত প্রজন্ম চিরদিন মনে রাখবে বলে ই-মেইলে উল্লেখ করেছেন ড. হারাণ দে।
এখানে উল্লেখ করা যেতে পারে, গত ২২ মে শুক্রবার গুয়াহাটির গড়ভাঙ্গার সাইকেল ফ্যাক্টরি-লালগণেশ সংযোগকারী ৩৭৬ কোটি টাকা ব্যয়ে নির্মিত ড. শ্যামাপ্রসাদ মুখার্জি নামাঙ্কিত ২.৮ কিলোমিটার দীর্ঘ তিন-লেনের ফ্লাইওভারের উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস